২৮ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

মৃত্যুর তিন বছর পর কবর থেকে তোলা হয় অভিনেত্রীর লাশ

মৃত্যুর তিন বছর পর কবর থেকে তোলা হয় অভিনেত্রীর লাশ

মৃত্যুর তিন বছর পর কবর থেকে তোলা হয়েছিল চিত্রনায়িকা পারভীন আক্তার অন্তরার দেহাবশেষ। মেয়েকে হত্যা করা হয়েছে বলে তার মা আমেনা খাতুন অভিযোগ করেছিলেন। সেই অভিযোগে করা মামলায় আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে দেহাবশেষ তুলে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

গত ১৫ নভেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসেছে তার অভিনয়ের স্মৃতি, সঙ্গে মৃত্যুকে ঘিরে ওঠা পুরোনো প্রশ্নও।

চাঁদপুর থেকে ঢাকায় আসা পারভীন আক্তার লাকি চলচ্চিত্রে পরিচিতি পান অন্তরা নামে। ছোটবেলায় ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নবাবের মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায়ও দেখা যায় তাকে জোসনার শৈশবের চরিত্রে।

তবে নায়িকা হিসেবে তার পরিচিতি তৈরি হয় তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমার মাধ্যমে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মেহেদী। সিনেমার ‘পাগল মন রে’ গানটি তখন দেশের আনাচকানাচে ছড়িয়ে পড়ে। সেসময় রাতারাতি পরিচিতি পান অন্তরা।

চলচ্চিত্রে কাজ করতে গিয়েই একসময় এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় অন্তরার। ওই ব্যবসায়ী তাকে বিয়ের প্রস্তাব দেন। সংসার গড়ার আশায় ২০১০ সালে আবার গাজীপুরের ব্যবসায়ী শফিকুল হক খোকনকে বিয়ে করেন অন্তরা। বিয়ের পর ঢাকার বড় মগবাজারে সংসার শুরু করেন তারা।

পরে ২০১৪ সালের ৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢালিউডের একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী মারা যান। সেদিন হাসপাতালে নেওয়ার আগে কী ঘটেছিল? মেয়ের মৃত্যুর পর কেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আমেনা খাতুন?

Advertisements

জানা যায়, অন্তরার মৃত্যুকে কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তার মা। তার অভিযোগ ছিল, মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি; বরং তাকে নির্যাতন করে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুর আগে কী ঘটেছিল, কীভাবে তিনি অসুস্থ হলেন—এসব তথ্যও পরিবারের কাছ থেকে আড়াল করা হয়েছিল বলে গণমাধ্যমে দাবি করেন তিনি।

অন্তরার মায়ের অভিযোগ অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও শফিকুল কাউকে তার মেয়ের কাছে যেতে দেননি। এমনকি মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ময়নাতদন্তের প্রতিবেদনও তাকে দেখানো হয়নি বলে দাবি করেন তিনি। প্রথম দিকে এসব অভিযোগ খুব একটা গুরুত্ব পায়নি। স্বাভাবিক নিয়মেই আজিমপুর কবরস্থানে দাফন করা হয় অন্তরাকে। এমনকি এফডিসিতেও তার মরদেহ নেওয়া হয়নি শেষ শ্রদ্ধা জানানোর জন্য।

এদিকে অন্তরার মৃত্যুর প্রায় তিন বছর পর ২০১৭ সালে মামলায় আসে নতুন মোড়। আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে তার মরদেহের দেহাবশেষ তোলা হয়। পরে তা পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য। ঘটনাটি তখন চলচ্চিত্র অঙ্গন ও গণমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেয়। মৃত্যুর এত দিন পর দেহাবশেষ পরীক্ষা করে কি জানা সম্ভব হবে অন্তরার মৃত্যুর প্রকৃত কারণ? তাকে হত্যা করা হয়েছিল, নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছিল—সেই প্রশ্ন সামনে আসে।

মৃত্যুর প্রায় তিন বছর পর কবর থেকে তোলা দেহাবশেষ পরীক্ষা করা ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য ছিল কঠিন কাজ। কারণ, এত দীর্ঘ সময় পর দেহের অনেক আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তখন আলোচনায় আসে, অন্তরাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে—এমন সন্দেহের কথাও। অভিযোগ ছিল, তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন ছিল এবং হাতের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য প্রয়োজন ছিল বৈজ্ঞানিক পরীক্ষা ও তদন্ত।
ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল হাড়ের নমুনা পরীক্ষা। কিছু বিষের উপাদান দীর্ঘ সময় পরও হাড়ে শনাক্ত হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে হাড়ে কোনো আঘাত বা ভাঙনের চিহ্ন রয়েছে কি না, সেটিও পরীক্ষা করে দেখার সুযোগ ছিল। তবে তিন বছর পর এসব পরীক্ষা থেকে কতটা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে, তা নিয়ে সংশয় ছিল। মৃত্যুর পরপরই দাফন, মায়ের হত্যা অভিযোগ, মামলা এবং তিন বছর পর কবর থেকে দেহাবশেষ তোলার ঘটনা—সব মিলিয়ে অন্তরার মৃত্যু ঘিরে তৈরি হয় এক রহস্যময় অধ্যায়। শেষ পর্যন্ত এ রহস্যের আর উত্তর মেলেনি। কোনো রিপোর্ট আর সামনে আসেনি।

সেই সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

চিত্রনায়িকা অন্তরার প্রকৃত নাম পারভীন আক্তার লাকি। ১৯৭৯ সালের ১৫ নভেম্বর তার জন্ম হয়। ২০১৪ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন অন্তরা। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায়। পরে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে পরিচিতি পান। ছবির ‘পাগল মন রে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় রাতারাতি দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

পাশাপাশি তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘লেডি র‍্যাম্বো’, ‘আমার মা’, ‘দোলন চাঁপা’, ‘শয়তান মানুষ’, ‘ফজর আলী আসছে’ ও ‘নাগনাগিনীর প্রেম’।

Advertisements