২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

চিকিৎসার পরও সুস্থ হয়নি গুলিবিদ্ধ হাতি, আবারও লোকালয়ে

elephant-4f236f-720×405

কক্সবাজারের টেকনাফে আবারও লোকালয়ে দেখা মিলেছে গুলিবিদ্ধ সেই মাদি হাতির। চিকিৎসা শেষে ১০ দিন আগে বন বিভাগ হাতিটিকে বনে ফিরিয়ে দিয়েছিল। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় শনিবার সকালে এটি আবারও বন থেকে বেরিয়ে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে চলে আসে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিটির পেছনের ডান পা স্বাভাবিকভাবে মাটিতে ফেলতে পারছে না। ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাচল করছে সেটি। শনিবার দুপুরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এবং স্থানীয় বাসিন্দারা হাতিটিকে আবারও বনে ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সেটি লোকালয়ের কাছাকাছি একটি পাহাড়ে অবস্থান নেয়। হাতিটিকে একনজর দেখতে সেখানে ভিড় করেন শত শত মানুষ।

বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, গত ১৮ নভেম্বর একটি সঙ্গীসহ আহত হাতিটি লোকালয়ে চলে এসেছিল। পরে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সেটিকে বনে ফিরিয়ে দেওয়া হয়। ওই সময় হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া যায়। হাতিটি যাতে আবার লোকালয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বনরক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও জানান, ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সহায়তায় হাতিটির চিকিৎসা করা হয়েছিল। আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী হাতিটি গুরুতর আঘাতের কারণে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমান বলেন, চিকিৎসা দেওয়ার পর হাতিটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু আবারও লোকালয়ে ফিরে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় বনকর্মীরা স্থানীয় বাসিন্দাদের হাতিটির কাছাকাছি না যাওয়া এবং কোনোভাবে বিরক্ত না করার জন্য সতর্ক করছেন।

আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে বন বিভাগ।

Advertisements
Advertisements