৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি বাংলাদেশের, সুবিধা পাবেন কারা?

বিশ্বের ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে সব ধরনের পাসপোর্টধারী এ সুবিধা পান না। পাসপোর্টের ধরন অনুযায়ী ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ নির্ধারিত হয়েছে। সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিরা চুক্তির আওতায় শুধু মালদ্বীপে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। অন্য দেশগুলোর ক্ষেত্রে এ সুবিধা মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত হালনাগাদ করা ভিসা অব্যাহতি চুক্তির একটি তালিকা সম্প্রতি পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে। ওই তালিকায় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে।
তালিকার তথ্য অনুযায়ী, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের চুক্তিটি সবচেয়ে বিস্তৃত। দেশটির সঙ্গে সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল—তিন ধরনের পাসপোর্টধারীরই ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। ফলে দুই দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই একে অপরের দেশে যাতায়াত করতে পারবেন। তবে কাজের উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।
অন্যদিকে, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য কার্যকর। দেশগুলো হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, ব্রুনেই, চীন, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কুয়েত, কাতার, ওমান, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, সার্বিয়া, কসোভো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, বতসোয়ানা, গাম্বিয়া ও তিমুর-লেস্তে।
এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি আরও সীমিত। এই দুই দেশের ক্ষেত্রে কেবল কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরা এ সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ, ৩৪ দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও সাধারণ পাসপোর্টধারীদের জন্য বিনা ভিসায় ভ্রমণের সুযোগ আপাতত শুধু মালদ্বীপেই সীমাবদ্ধ।



