২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
নারী

বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পাঁচ অভিনেত্রী

BOL-6b0b017555836

বলিউডে একসময় চলচ্চিত্রের পারিশ্রমিকের আলোচনায় অভিনেতাদের আধিপত্য থাকলেও সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। জনপ্রিয়তা, অভিনয়শৈলী এবং বক্স অফিসে সাফল্যের সুবাদে অভিনেত্রীরাও এখন বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন। ভারতের চলচ্চিত্রশিল্পে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন তাদের অনেকে।

সম্প্রতি ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছে পাঁচ তারকার নাম। তালিকায় তাদের অবস্থান ও প্রতি সিনেমায় সম্ভাব্য পারিশ্রমিকের পরিমাণ তুলে ধরা হলো।

১. প্রিয়াঙ্কা চোপড়া

তালিকার প্রথম অবস্থানে রয়েছেন বলিউড ও হলিউডের পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বিনোদনজগতে তার পথচলা আরও গতিশীল হয়। ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার।

সংগৃহীত

এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন। ‘ফ্যাশন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। পরবর্তী সময়ে ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন। হলিউডের ‘বেওয়াচ’, ‘ইজন্ট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’ সিনেমাতেও অভিনয় করেছেন এই তারকা। আইএমডিবির তালিকা অনুযায়ী, প্রতি সিনেমায় তাঁর পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা।

২. দীপিকা পাড়ুকোন

Advertisements

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করা এই অভিনেত্রীর বলিউডে অভিষেক হয় ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। শাহরুখ খানের বিপরীতে অভিনীত প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি।

সংগৃহীত

এরপর ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও দৃঢ় করেন। ‘পিকু’ সিনেমায় অভিনয়ের জন্যও প্রশংসিত হন তিনি। হলিউডের ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক সিনেমায় যাত্রা শুরু করেন দীপিকা। এ ছাড়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় তার অভিনয় দর্শকদের আলোচনায় আসে। আইএমডিবির তথ্যমতে, ছবিপ্রতি তার পারিশ্রমিক ১৫ থেকে ৩০ কোটি টাকা।

৩. কঙ্গনা রানাউত

সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাতেও যুক্ত হয়েছেন তিনি। ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন কঙ্গনা।

সংগৃহীত

‘ফ্যাশন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘তনু ওয়েডস মনু’, ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। বিশেষ করে ‘কুইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও নিজের দক্ষতা দেখিয়েছেন এই তারকা। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার পরিচালিত ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়েও আলোচনা হয়। আইএমডিবির তালিকা অনুযায়ী, প্রতি সিনেমায় কঙ্গনার পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা।

৪. ক্যাটরিনা কাইফ

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে প্রবেশের পর ২০০৩ সালে ‘বুম’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। শুরুর দিকে অভিনয় নিয়ে সমালোচনা থাকলেও ধীরে ধীরে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সংগৃহীত

‘নমস্তে লন্ডন’, ‘নিউ ইয়র্ক’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’ ও ‘ধুম ৩’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাচ ও অ্যাকশন দৃশ্যেও নিজের দক্ষতা দেখিয়েছেন ক্যাটরিনা। ‘টাইগার ৩’ এবং ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় তার অভিনয় নিয়েও আলোচনা হয়েছে। আইএমডিবির তথ্য অনুযায়ী, ছবিপ্রতি তার পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকা।

৫. আলিয়া ভাট

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের কন্যা আলিয়ার বড় পর্দায় অভিষেক ঘটে ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে।

সংগৃহীত

এরপর ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গলি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা অর্জন করেন তিনি। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলিয়া। বলিউডের পাশাপাশি হলিউডেও অভিষেক হয়েছে তাঁর। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমায় গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেন তিনি। আইএমডিবির তালিকা অনুযায়ী, প্রতি সিনেমায় আলিয়ার পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটি টাকা।

জনপ্রিয়তা, অভিনয়দক্ষতা ও আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা—সব মিলিয়ে এই পাঁচ অভিনেত্রী বলিউডের পারিশ্রমিকের দৌড়ে এগিয়ে রয়েছেন। তাঁদের সাফল্য চলচ্চিত্রশিল্পে অভিনেত্রীদের ক্রমবর্ধমান অবস্থানকেও তুলে ধরে।

Advertisements