হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রী ও মাকে হেনস্তার অভিযোগ, আটক ২০ বাস

হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ও তার মাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পরিবহনটির ২০টির বেশি বাস আটকে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে বাসগুলো আটকে রাখা হয়। পরে মুচলেকা নেওয়ার পর বেলা আড়াইটার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহার সঙ্গে ঠিকানা পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর অসদাচরণের ঘটনা ঘটে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরে মেহা জানান, শুক্রবার সকালে তিনি তার মা ও বোনকে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটির নম্বর ঢাকা মেট্রো ব ১৫-৭৬২৬। আগে এ রুটে ভাড়া ৭০ টাকা থাকলেও বাসের সহকারী তার কাছে ৯০ টাকা দাবি করেন।
ভাড়া বাড়ানোর বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থী হিসেবে সপ্তাহের সাত দিনই অর্ধেক ভাড়া দেওয়ার নিয়ম থাকায় তিনি নিজের স্টুডেন্ট কার্ড দেখান।
মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের সহকারী তার সঙ্গে তর্কে জড়ান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে চালক জানিয়ে দেন, তারা আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া নেবেন না। পরে বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করলেও সহকারীর অসদাচরণ বন্ধ হয়নি।
একপর্যায়ে মেহার মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই সহকারী তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
এ ঘটনার প্রতিবাদে শনিবার শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের বাসগুলো আটকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন। তাদের দাবি, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা বাসগুলো আটকে রাখেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) জানান, শিক্ষার্থীদের বাস আটকে রাখার বিষয়টি তিনি অবগত আছেন। পরিবহন মালিকপক্ষের সঙ্গেও তার কথা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়ার পর বেলা আড়াইটার দিকে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেওয়া হয়।



