২৮ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

Ohi’s (4)

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যবই চালুর উদ্যোগও নিয়েছে সরকার। এ ছাড়া আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামে নতুন পাঠ্যবই চালু করছে। এবার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের বই হাতে পাবে।

শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে ‘প্রকৃতির পাঠশালা’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার (মিড-ডে মিল) দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দেশের জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো সংস্কার করা হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী কচুয়া পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং ও কিডস কর্নার’, কচুয়া উপজেলার ‘পরিদর্শন কক্ষ’ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ‘অফিসার্স ক্লাব ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন করেন।

Advertisements
Advertisements