২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষা

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তি দেবে সরকার

student-1

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এ সুবিধা পাবে। একই সঙ্গে দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছেলেরাও উপবৃত্তি পাবে। সব মিলিয়ে এ কর্মসূচির আওতায় সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার, যা প্রায় এক কোটি।

শুধু উপবৃত্তিই নয়, শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়াশোনার সুযোগও পাবে। পাশাপাশি দেশের অনগ্রসর আরও ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তির কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে। এর ফলে বিশেষ সুবিধাপ্রাপ্ত উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ২২টিতে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) আওতা সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী নেওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করা।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বাসসকে জানান, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় চালু হওয়া ছাত্রী উপবৃত্তি কর্মসূচি নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মেয়েদের শিক্ষার ব্যয়জনিত চাপ কমবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ অর্জনের পথ আরও সুগম হবে।

উপবৃত্তি কর্মসূচিতে ব্যয় প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা

Advertisements

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতাধীন উপবৃত্তি কর্মসূচির চতুর্থ সংশোধনীতে এর পরিধি ও ব্যয় বাড়ানো হয়েছে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে শুধু উপবৃত্তি খাতে ব্যয় হবে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

কর্মসূচির মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়িয়ে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৮ সালের ১ জুলাই শুরু হওয়া এ কর্মসূচির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পেয়েছে ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ছিল ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার। নতুন পরিকল্পনায় ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী ও ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর অধ্যাপক সাদেক আহমেদ খান জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে।

অগ্রাধিকার পাবেন বিশেষ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা

নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি সুবিধা পেলেও ছাত্রদের ক্ষেত্রে প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হবে। পরিবারের আয় ও ব্যয়ের তথ্যের ভিত্তিতে নির্ধারিত ৩০টি প্রশ্নের ওয়েটেজ এবং কাট-অফ মার্কস অনুযায়ী অসচ্ছল পরিবারের ছেলেদের নির্বাচন করা হবে।

এ ছাড়া প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। ছাত্রীদের ক্ষেত্রেও দারিদ্র্য যাচাইয়ের তথ্য সংগ্রহ করা হবে, তবে এ যাচাইয়ের কারণে কেউ উপবৃত্তি থেকে বাদ পড়বে না।

শতভাগ উপবৃত্তির আওতায় ২২ উপজেলা

দেশের অনগ্রসর ১০টি উপজেলার সঙ্গে নতুন করে আরও ১২টি উপজেলাকে এ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। ফলে মোট ২২টি উপজেলার যোগ্য সব ছাত্র-ছাত্রী শতভাগ উপবৃত্তির সুবিধা পাবে।

উপজেলাগুলো হলো—নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।

তবে উপবৃত্তির সুবিধা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চমাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকা।

সরাসরি ব্যাংক ও মোবাইল হিসাবে যাবে টাকা

শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি এবং বই কেনার অর্থ সরাসরি পৌঁছে দিতে সরকার টু পারসন (জিটুপি) পদ্ধতি অনুসরণ করা হবে। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাইয়ের পর আইবাস++ ব্যবস্থার মাধ্যমে উপকারভোগী অথবা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে অর্থ পাঠানো হবে।

আগে থেকে উপবৃত্তি পাওয়া ছাত্রীদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন হবে না। নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে কেওয়াইসি সম্পন্ন করতে হবে অথবা যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর হলে হিসাবের তথ্য হালনাগাদ করা হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। পাশাপাশি ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্যসংক্রান্ত জটিলতায় উপবৃত্তি না পাওয়া প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাস্তবায়নে রয়েছে কিছু চ্যালেঞ্জ

শতভাগ ছাত্রীকে উপবৃত্তি ও টিউশন ফি সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হলেও এর বাস্তবায়নে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরের নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত হারের চেয়ে বেশি টিউশন ফি আদায় করায় কর্মসূচিতে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করতে অনীহা দেখাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এতে এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক অধ্যাপক সাইফুল আলম বলেন, ছাত্রীদের শতভাগ উপবৃত্তি নিশ্চিত করতে দ্রুতগতিতে তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত হারের চেয়ে বেশি বেতন নেয়, তাদের অনেকেই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী নয়। এ সমস্যা সমাধানে কার্যকর ও বাধ্যতামূলক নির্দেশনা প্রয়োজন।

অর্থ বিভাগের নির্ধারিত হার অনুযায়ী, শ্রেণিভেদে শিক্ষার্থীরা মাসে ২০০ থেকে ৪০০ টাকা উপবৃত্তি এবং ৩৫ থেকে ৮০ টাকা টিউশন ফি পাবে। এ ছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও বই কেনার জন্য ১ হাজার থেকে দেড় হাজার টাকা দেওয়া হবে। সব মিলিয়ে শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা।

Advertisements