দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য দেশের সব মাদ্রাসাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে মাদ্রাসাগুলোর অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসরণ করে বোর্ডের আওতাধীন সব মাদ্রাসায় কর্মসূচি পালন করতে হবে।
বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসাগুলোকে পাঁচ ধরনের কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ, বিজয়মেলা ও বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন।
নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে প্রতিটি মাদ্রাসা ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এদিন সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন নির্ধারিত স্টেডিয়াম অথবা সুবিধাজনক স্থানে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এসব আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে বলা হয়েছে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ক্রীড়া আয়োজনের অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিজয় দিবসে প্রতিটি মাদ্রাসায় সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। এতে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হবে।
অন্যদিকে, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্যও পৃথক নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ উপলক্ষে জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বোর্ডের অধীন সব মাদ্রাসায় বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবসটির তাৎপর্য তুলে ধরে ১৪ ডিসেম্বর প্রতিটি প্রতিষ্ঠান তাদের সুবিধাজনক সময়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।



