বোতলজাত পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভারতে বিপাকে বিসলেরি

ভারতে জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির একটি ব্যাচের পানিতে ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অবস্থিত প্রতিষ্ঠানটির একটি কারখানায় উৎপাদিত পানির নমুনা পরীক্ষায় এ ব্যাকটেরিয়া শনাক্ত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাচটির বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার (২৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিসলেরির টেলিপাড়া কারখানায় উৎপাদিত ‘পিবি ২০১’ ব্যাচের পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়। গত জুলাইয়ে উৎপাদিত ওই পানির নমুনা প্রাথমিক পরীক্ষা ও পুনঃপরীক্ষা—উভয় ক্ষেত্রেই ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট ব্যাচটির বিক্রি বন্ধের নির্দেশ দেয় ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)।
তবে পরীক্ষার ফল নিয়ে আপত্তি জানিয়েছে বিসলেরি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দাবি, একই ব্যাচের পানির নমুনা দুটি স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করা হলে তা খাদ্য নিরাপত্তার নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে। পরীক্ষার ফলাফলে এমন পার্থক্যের কারণ অনুসন্ধানের জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি এ বিষয়ে তদন্তে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, জলপাইগুড়ির কারখানার পানিতে ব্যাকটেরিয়া শনাক্ত হওয়ার ঘটনার কয়েক দিনের মধ্যেই গোয়ায় বিসলেরির আরেকটি কারখানার পানির নমুনা নিয়ে উদ্বেগ দেখা দেয়। ওই নমুনার প্রাথমিক পরীক্ষায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায়। পরবর্তী পরীক্ষায় শনাক্ত হয় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ)। এসব রাসায়নিকের কিছু উপাদান দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
পরপর এমন ঘটনা সামনে আসায় ভারতের বোতলজাত পানির বাজারে নজরদারি জোরদার করেছে এফএসএসএআই। সংস্থাটি দেশজুড়ে বোতলজাত ও মিনারেল ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কারখানা নিয়মিত পরিদর্শন এবং পানির নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে। এ নজরদারির আওতায় রয়েছে পেপসিকো, কোকাকোলা, টাটা ও রিলায়েন্সের মতো বড় প্রতিষ্ঠানও।
উল্লেখ্য, ভারতের প্রায় ৩৫০ কোটি ডলারের বোতলজাত পানির বাজারে অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড বিসলেরি। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ১৩০টি উৎপাদন কারখানা রয়েছে।



