২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিবিধ

কুড়িয়ে পাওয়া ধানেই চলে সংসার, সেই ধানে ভাত-পিঠার আয়োজন

Image-(17)-6b0afdf250d01

‘হামরা গরিব মানুষ বাবা। মেম্বার-চেয়ারম্যান হামাক কোনো কিছু দেয় না। কষ্ট করি খাবার নাগে। হামরা মাটিত পড়া ধান কুড়াই। এই ধান জোগাড় করিয়া ভাতো খামো, পিঠাও খামো বাবা।’ কথাগুলো বলছিলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের আমেনা বেগম (৫২)। অভাবের সংসারে খাবারের জোগান দিতে অন্যের জমিতে পড়ে থাকা ধানের শিষ কুড়িয়ে দিন কাটে তার।

সংগৃহীত

হেমন্তের মৌসুমে মাঠজুড়ে এখন পাকা ধানের সোনালি আভা। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটায়। কেউ মাঠ থেকে ধান বাড়ির উঠানে তুলছেন, কেউ আবার ফসল ঘরে সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন। কৃষকদের এই ব্যস্ততার মধ্যেই ধানখেতে দেখা মিলছে দরিদ্র নারী ও শিশুদের। তাদের হাতে কাস্তে নেই, নেই জমির মালিকানাও। মাঠে পড়ে থাকা ধানের শিষ কুড়িয়ে জীবিকার সংস্থান করছেন তারা।

কৃষকেরা যখন কাটা ধান নিয়ে বাড়ি ফিরছেন, তখন এসব নারী ও শিশুরা জমির বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ধানের শিষ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। কুড়িয়ে পাওয়া এই সামান্য ধানই তাদের পরিবারের খাদ্যের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধান কুড়াতে আসা ছফিয়া বেওয়া (৬০) বলেন, ‘কাজকাম তো নাই। বাড়িত বসি থাকি। এই তখনে ধান কুড়িবার আইছি।’ অর্থাৎ কাজের সুযোগ না থাকায় বাড়িতে বসে না থেকে ধান কুড়াতে মাঠে এসেছেন তিনি।

ছফিয়া বেওয়ার সঙ্গে ধান কুড়াতে এসেছে তার দুই নাতনি জোবেয়া খাতুন (৭) ও জেবা ইয়াসমিন (৬)। কুড়িয়ে পাওয়া ধান দিয়ে কী করবে—এমন প্রশ্নে তারা জানায়, সেই ধান দিয়ে ভাপা পিঠা খাবে। পরিবারের জন্য খাবার সংগ্রহের পাশাপাশি ছোট্ট শিশুদের কাছে এই ধান যেন শীতের মৌসুমে পিঠা খাওয়ারও আনন্দ নিয়ে আসে।

সংগৃহীত

স্থানীয় কৃষক আবেদ আলী বলেন, আগে জমিতে ধানের শিষ পড়ে থাকতে দেখা যেত। তবে এখন আর আগের মতো সেই পরিস্থিতি নেই। কয়েক দিনের বৃষ্টির কারণে জমিতে পড়ে থাকা ধানের শিষ ভিজে মচকে মাটিতে পড়ে গেছে। এ কারণেই দরিদ্র নারী ও শিশুরা এখন মাঠে মাঠে ধান কুড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন।

Advertisements

তারাগঞ্জের এনজিও কর্মী বিটুল রায় বলেন, দরিদ্র পরিবারের নারী ও শিশুরা প্রতিদিন সকালে মাঠে গিয়ে ধানের শিষ কুড়িয়ে জমা করেন। এভাবে সংগ্রহ করা ধানই তাদের দুঃসময়ে খাবারের জোগান দেয়। অভাবের সংসারে এই সামান্য ধান তাদের কাছে অনেক মূল্যবান। কুড়িয়ে পাওয়া ধান দিয়ে পরিবারের ভাতের চাহিদা মেটানোর পাশাপাশি তৈরি হয় পিঠাও।

কৃষকের ঘরে যখন নতুন ধান ওঠার আনন্দ, তখন একই মাঠে পড়ে থাকা ধানের শিষ কুড়িয়ে সংসারের খাবার জোগাড় করছেন আমেনা, ছফিয়াদের মতো দরিদ্র মানুষেরা। তাদের কাছে মাঠের পড়ে থাকা প্রতিটি ধানের শিষ শুধু ফসলের অবশিষ্ট অংশ নয়, বরং একবেলা খাবারের নিশ্চয়তা।

Advertisements