২৮ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নারী

রান্নাঘর থেকে ভাইরাল ৭৪ বছর বয়সী শিক্ষিকা

রান্নাঘর থেকে ভাইরাল ৭৪ বছর বয়সী শিক্ষিকা

ভিয়েতনামের মধ্যাঞ্চলের থান হোয়া প্রদেশের জুয়ান তিয়েন গ্রামের একটি সাধারণ রান্নাঘর। সেখানে চুলার এক কোণে দাঁড়িয়ে পুরোনো একটি কাঠের টেবিলকে ব্ল্যাকবোর্ড বানিয়ে চক হাতে সমীকরণ আর পদার্থবিজ্ঞানের সূত্র লিখে চলেছেন ৭৪ বছর বয়সী বুই থি মাই। সামনে কোনো শিক্ষার্থী নেই, তবুও ঠিক চার দশক আগের মতোই আবেগ আর নিষ্ঠা নিয়ে পাঠদান করে যাচ্ছেন তিনি। সংসারের তাগিদে প্রায় ৪০ বছর আগে শিক্ষকতা ছেড়ে কৃষিকাজে নামতে হলেও, শিক্ষার প্রতি তার ভালোবাসা আজ সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

অভাবের তাড়নায় শিক্ষকতা ছাড়া ও স্বপ্ন লালন
দরিদ্র মুওং নৃগোষ্ঠীর পরিবারে জন্ম নেওয়া বুই থি মাই শৈশবেই বাবাকে হারান। মায়ের একার সংগ্রামে বড় হয়ে ১৯৭২ সালে ২০ বছর বয়সে সপ্তম শ্রেণি পাসের পর তিনি নিজ এলাকায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে তিন বছরের শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন। স্নাতক শেষ করে থান হোয়া প্রদেশের নু জুয়ান জেলা ও পরে জুয়ান ডু কমিউনে শিক্ষকতা শুরু করেন। তরুণ বয়সে শিক্ষকতার জীবন ছিল ভীষণ কঠিন। সামান্য বেতনে সংসার চলত না বলে স্কুল ছুটির পর বাড়তি কাজ করতেন তিনি। এমনকি জ্বালানি কাঠ কাটার জন্য মাঝেমধ্যে স্কুলে দা নিয়ে যেতেন। অবশেষে ১৯৯০ সালে পরিবারের আর্থিক টানাপোড়েন চরমে পৌঁছালে ৩৮ বছর বয়সে শিক্ষকতা ছেড়ে এককালীন অবসর ভাতা নিয়ে পুরোদমে কৃষিকাজে নেমে পড়েন পাঁচ সন্তানকে মানুষ করার জন্য। তবে শ্রেণিকক্ষ ছাড়লেও পাঠদান আর শিক্ষার্থীদের স্মৃতি কখনোই তাঁকে ছেড়ে যায়নি। আজও প্রায় রাতেই তিনি স্বপ্ন দেখেন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে পড়াচ্ছেন।

সংগৃহীত

রান্নাঘর থেকে ভাইরাল ক্লাসরুম
প্রায় দুই মাস আগে বুই থি মাইয়ের ছেলে বুই ভ্যান দুং মায়ের সেই অপূর্ণ ভালোবাসাকে নতুন রূপ দেওয়ার উদ্যোগ নেন। রান্নাঘরের এক কোণ পরিষ্কার করে পুরোনো কাঠের টেবিলটি দাঁড় করিয়ে দেন। সঙ্গে কিছু চক এনে দেন। কোনো পেশাদার ক্যামেরা ছাড়াই প্লাস্টিকের একটি ঝুড়ির ওপর মোবাইল ফোন রেখে প্রতিদিন প্রায় ৪৫ মিনিট ধরে মায়ের পাঠদানের ভিডিও ধারণ করতে শুরু করেন তিনি। শুরুতে কেবল স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওগুলো করা হলেও ফেসবুক ও টিকটকে প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এর মধ্যে একটি ভিডিওর ভিউ ২০ লাখ ছাড়িয়ে গেছে। ভিডিওগুলোর নিচে অসংখ্য মানুষ অঙ্কের সমাধানের চেয়েও বেশি প্রশংসা করেছেন শিক্ষকতার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার। অনেকেই সাদা চকের গন্ধ, পুরোনো দিনের স্কুলজীবন আর শৈশবের শিক্ষকদের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে মন্তব্য করেছেন।

স্মৃতিতে গাঁথা জ্ঞান ও প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা
বর্তমান পাঠ্যক্রমের সঙ্গে আগের পড়াশোনার অনেক পার্থক্য থাকলেও দীর্ঘদিনের চর্চিত সূত্র ও সমাধানের কৌশলগুলো এখনো নির্ভুলভাবে মনে আছে বুই থি মাইয়ের। তার ভাষায়, ‘আমার কোনো লেসন প্ল্যানের প্রয়োজন হয় না, কারণ জ্ঞান আমার মনের ভেতর গেঁথে আছে। পড়ানো শুরু করলেই সব আপনা-আপনি মনে পড়ে যায়।’

সংগৃহীত

জুয়ান তিয়েন গ্রামের প্রধান এবং তারই প্রাক্তন ছাত্রী বুই থি তুয়েত জানান, শিক্ষকতা ছাড়ার পরও গ্রামের শিশুরা কঠিন অঙ্ক নিয়ে তার কাছে ছুটে আসত এবং তিনি পরম মমতায় তা বুঝিয়ে দিতেন। সম্প্রতি ২০ নভেম্বর ভিয়েতনামের ‘শিক্ষক দিবস’ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী ও প্রাদেশিক নেতারা তার আধা-পাকা বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছেন। থান হোয়া প্রাদেশিক পার্টি কমিটির ডেপুটি সেক্রেটারি নগুয়েন হং ফং তার পেশাগত ভালোবাসার প্রশংসা করে বলেন, দর্শকেরা কেবল গণিত বা পদার্থবিজ্ঞানের সূত্র দেখার জন্যই ভিডিওগুলো দেখেন না, বরং তার মাঝে প্রজন্মের পর প্রজন্ম ধরে চেনা এক আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি খুঁজে পান।

সূত্র: ভিএনএক্সপ্রেস

Advertisements
Advertisements