এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

ভারতের তামিলনাড়ু রাজ্যে পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজ্যে প্রথমবারের মতো এই ছুটি চালুর ঘোষণা দেন তিনি।
নতুন নিয়ম অনুযায়ী, বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মতারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময়ে এই ছুটি নিতে পারবেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিলনাড়ুতে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হচ্ছে।
রাজ্য সরকার জানিয়েছে, সন্তান জন্মের সময়টি মা ও নবজাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়ার পাশাপাশি শিশুর যত্ন নেওয়ার জন্য বাবার উপস্থিতিও প্রয়োজন।
তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। তবে পুরুষ কর্মীরা দীর্ঘদিন ধরে একই ধরনের পিতৃত্বকালীন ছুটির সুযোগ চেয়ে আসছিলেন। তাদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এবার ১৫ দিনের ছুটি অনুমোদন করে আদেশ জারি করেছে।
গত দুই মাস আগে নারী সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজয়ের সরকার। এর ফলে প্রথম দুই সন্তানের ক্ষেত্রে প্রচলিত মাতৃত্বকালীন ছুটির সুবিধার সঙ্গে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও সমতা আনা হয়।
সূত্র: ইন্ডিয়া টুডে



