পড়াশোনায় কেমন ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে অসাধারণ প্রতিভা, নিখুঁত পাস, দুর্দান্ত গোল আর রেকর্ডের পর রেকর্ড—সব মিলিয়ে লিওনেল মেসি যেন ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। আটটি ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়া এই আর্জেন্টাইন তারকা বিশ্বজুড়ে কোটি মানুষের অনুপ্রেরণা। তবে ফুটবলের বাইরের জীবনে, বিশেষ করে স্কুলের পড়াশোনায় কেমন ছিলেন তিনি? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেসির পুরোনো একটি মার্কশিট ঘিরে সেই কৌতূহলই নতুন করে সামনে এসেছে।
১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তেন মেসি। সেই সময়ের একটি নম্বরপত্রের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ছবিটি কোথা থেকে এসেছে, কিংবা এটি কোন পরীক্ষার ফলাফল—তা নিশ্চিতভাবে জানা যায়নি।
ভাইরাল হওয়া নম্বরপত্র অনুযায়ী, পড়াশোনায় মেসির ফলাফল ছিল অনেকটা গড়পড়তা। শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করেছিলেন তিনি। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮, নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। অন্যদিকে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি—এই বিষয়গুলোতে তার প্রাপ্ত নম্বর ছিল ৬ করে।
মার্কশিটে শারীরিক শিক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার বিষয়টি যেন মেসির জীবনের সঙ্গে বেশ মানানসই। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার ধ্যানজ্ঞান। স্কুলের পড়াশোনার পাশাপাশি ফুটবল মাঠেই বেশি সময় কাটত তার। তখন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন তিনি। মাঠে তার প্রতিভার ঝলক তখন থেকেই নজর কাড়তে শুরু করেছিল।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্কুলের ফলাফল খুব উজ্জ্বল না হলেও খেলাধুলায় মেসির বিশেষ দক্ষতা নিয়ে শিক্ষকদের মধ্যে কোনো সংশয় ছিল না। তার প্রতিভা যে ফুটবল মাঠেই সবচেয়ে বেশি বিকশিত হচ্ছিল, সেটি স্কুলজীবনের নানা স্মৃতিতেও উঠে এসেছে।
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাকে শান্ত ও লাজুক স্বভাবের ছাত্র হিসেবে মনে রেখেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেসি ক্লাসে খুব একটা কথা বলতেন না, এমনকি লাজুকতার কারণে আলোচনায়ও তেমন অংশ নিতেন না। তবে ফুটবল খেলতে মাঠে নামলেই তার আচরণ বদলে যেত।
সোসার ভাষায়, ‘সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।’ স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং মেসির প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও তার শান্ত স্বভাব ও ফুটবলের প্রতি গভীর ভালোবাসার কথা স্মরণ করেছেন। তার মতে, মেসি ছিল সংযত, তবে বন্ধুদের কাছে বেশ জনপ্রিয়। স্কুল ছুটি হলেই ফুটবল খেলার জন্য মাঠে ছুটে যেত সে। বন্ধুদেরও আগ্রহ ছিল মেসির সঙ্গে খেলায় অংশ নেওয়ার।
মনিকা বলেন, ‘সে খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল। সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত। ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন।’ পড়াশোনায় নিজের দুর্বলতার কথা মেসিও একাধিকবার স্বীকার করেছেন। শৈশবের রোজারিও শহরের দিনগুলোর স্মৃতিচারণা করে তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’ স্কুল বাড়ির খুব কাছে থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন বলেও জানিয়েছেন তিনি।
মেসির পুরোনো মার্কশিট তাই শুধু তার স্কুলজীবনের ফলাফলের একটি ছবি নয়; বরং ফুটবলপ্রেমী এক কিশোরের গল্পও সামনে আনে। যে কিশোরের শ্রেণিকক্ষে খুব বেশি আগ্রহ ছিল না, কিন্তু মাঠে পা রাখলেই নিজের আলাদা জগৎ তৈরি করে নিত। আজ বিশ্ব ফুটবলে তার অসামান্য সাফল্য প্রমাণ করে, প্রতিভা ও নিজের পছন্দের কাজে নিষ্ঠা অনেক সময় প্রচলিত সাফল্যের সংজ্ঞাকেও নতুন করে লিখতে পারে।


