২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

পৃথিবীতে কন্যাসন্তানের জন্ম, মহাকাশ থেকে শুভেচ্ছা জানালেন বাবা

canada-4-20261126143745

পৃথিবী থেকে শত শত কিলোমিটার দূরে, মহাকাশের নিঃশব্দ পরিবেশে বসেও পরিবারের আনন্দ থেকে বিচ্ছিন্ন নন নভোচারী জশুয়া কুট্রিক। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত এই কানাডীয় নভোচারীর ঘরে জন্ম নিয়েছে তৃতীয় কন্যাসন্তান। দূর মহাকাশে থেকেও নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন তিনি।

গত অক্টোবরে ছয় মাসের মহাকাশ মিশনে যোগ দিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমান জশুয়া। এর মধ্যেই মঙ্গলবার পৃথিবীতে তার স্ত্রী হেদার কুট্রিক জন্ম দেন এক কন্যাসন্তানের। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে কানাডার মহাকাশ গবেষণা সংস্থা কানাডিয়ান স্পেস এজেন্সি।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নবজাতকের ছবি প্রকাশ করে সুখবরটি জানায়। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে জশুয়া দিয়েছেন একটি হৃদয়ের ইমোজি—দূরত্বের ওপারে থেকেও যেন ভালোবাসার উষ্ণ বার্তা পৌঁছে দিয়েছেন স্ত্রী ও মেয়ের কাছে। নবজাতককে ঘিরে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জশুয়া ও হেদার বলেন, “আমাদের মাঝে বিশাল দূরত্ব থাকা সত্ত্বেও, আমাদের জীবনে নতুন এই ছোট্ট তারকার আগমনে আমরা গভীর এক সংযোগ অনুভব করছি।”

মহাকাশে অবস্থানকালে সন্তানের জন্মের খবর পাওয়া একজন বাবার জন্য যেমন আনন্দের, তেমনি এটি আবেগের এক ভিন্ন অভিজ্ঞতা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জশুয়া ইতিহাসের চতুর্থ নভোচারী, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালে নিজের সন্তানের জন্মের সময় পৃথিবীতে উপস্থিত থাকতে পারেননি।

এটি জশুয়ার প্রথম মহাকাশ অভিযান। ছোটবেলা থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণের পথে এবার জীবনের আরেকটি বিশেষ অধ্যায় যুক্ত হলো। তার ও হেদারের সংসারে আগে থেকেই রয়েছে দুই সন্তান—পিটার ও আনা। তাদের বয়স যথাক্রমে পাঁচ ও সাত বছর।

সন্তানদের উদ্দেশে নিজেদের জীবনদর্শন তুলে ধরে দম্পতি জানান, তারা চান সন্তানরা বড় স্বপ্ন দেখতে শিখুক। কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং পরিবার ও সমাজের সহযোগিতা থাকলে অসাধারণ কিছু অর্জন করা সম্ভব—এই বিশ্বাসই সন্তানদের মধ্যে গড়ে তুলতে চান তারা। মহাকাশ মিশনে যাওয়ার আগে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জশুয়া স্বীকার করেছিলেন, সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে না পারা তার জন্য কঠিন হবে। তবে এ পরিস্থিতির জন্য তারা দুজনই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন।

Advertisements

সেই সময় তিনি বলেছিলেন, এটি বড় ধরনের চ্যালেঞ্জ ও অভিযান। তারা দুজনই জীবনে অ্যাডভেঞ্চার ও চ্যালেঞ্জ পছন্দ করেন। এমন পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা তাদের রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি। তবে এই অভিযানে সফলভাবে এগিয়ে যাওয়ার পেছনে স্ত্রী ও পরিবারের অবদান সবচেয়ে বেশি বলে মনে করেন জশুয়া।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মার্চে পৃথিবীতে ফিরবেন এই নভোচারী। তখন মহাকাশের দীর্ঘ অভিজ্ঞতা শেষে পরিবারের নতুন সদস্যকে সরাসরি কোলে নেওয়ার অপেক্ষায় থাকবেন তিনি। দূরত্ব, দায়িত্ব আর স্বপ্নের মাঝেও এই গল্প যেন মনে করিয়ে দেয়—ভালোবাসার সংযোগ পৃথিবীর সীমানা ছাড়িয়েও অটুট থাকতে পারে।

Advertisements