নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর বাঁধা মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর সাইদুল ইসলাম (১০) নামের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদুল ইসলাম হোগলাকান্দি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ি থেকে রূপসদী ইউপি রাস্তার মোড়ের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
অবশেষে বৃহস্পতিবার গ্রামের একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা সাইদুলকে হত্যা করে মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে রাখে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।



