২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

জাতীয় রেকর্ড গড়ে বিমসটেক অ্যাথলেটিকসে রুপা জিতলেন স্বপ্না

IMG_8061

ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় নারীদের ট্রিপল জাম্পে রুপার পদক জিতেছেন বাংলাদেশের স্বপ্না খাতুন। একই সঙ্গে ১৩.২২ মিটার লাফিয়ে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কালিঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মাত্র দুই সেন্টিমিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হয় তার।

এই ইভেন্টে ১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের সাধনা রবি। শ্রীলঙ্কার এল.এস.ডব্লিউ. আরাচ্চি ১২.৯৬ মিটার লাফিয়ে পেয়েছেন ব্রোঞ্জ পদক।

প্রতিযোগিতায় শুরু থেকেই ধীরে ধীরে নিজের পারফরম্যান্সের উন্নতি ঘটান স্বপ্না। প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার লাফিয়ে শুরু করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় দূরত্ব বাড়িয়ে করেন ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় পৌঁছান ১২.৮৯ মিটারে। তবে দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টায় ফাউল হওয়ায় সেগুলো গণনায় আসেনি।

স্বপ্নার জাতীয় রেকর্ড গড়া লাফটি আসে পঞ্চম প্রচেষ্টায়। ওই দফায় ১৩.২২ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। বাতাসের গতিবেগ ছিল মাইনাস ০.২ মিটার প্রতি সেকেন্ড। এতে শ্রীলঙ্কার প্রতিযোগীকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন বাংলাদেশের এই অ্যাথলেট।

তবে ভারতের সাধনা রবি নিজের ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন। ফলে মাত্র দুই সেন্টিমিটারের ব্যবধানে স্বর্ণ জয়ের সুযোগ হারিয়ে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বপ্নাকে।

Advertisements