২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

নারীর শরীরেও কেন থাকে টেস্টোস্টেরন, জানুন ৬ প্রশ্নের উত্তর

IMG_8043

টেস্টোস্টেরনকে সাধারণত পুরুষের যৌন হরমোন হিসেবে বিবেচনা করা হয়। তবে শুধু পুরুষ নয়, নারীদের শরীরেও এই হরমোন তৈরি হয়। যদিও এর পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম, তবু নারীদের যৌনস্বাস্থ্য, হাড়ের ঘনত্ব এবং পেশির শক্তি বজায় রাখতে টেস্টোস্টেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু নারীদের শরীরে এই হরমোনের মাত্রা বেড়ে গেলে বা কমে গেলে কী ধরনের সমস্যা হতে পারে? কেনই বা নারীদের টেস্টোস্টেরন পরীক্ষা করতে দেওয়া হয়? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন অধ্যাপক ডা. তানজিনা হোসেন।

১. নারীদের শরীরে টেস্টোস্টেরনের কাজ কী?

নারীদের শরীরেও স্বল্প পরিমাণে টেস্টোস্টেরন তৈরি হয়। এর প্রধান উৎস এড্রিনাল গ্রন্থি এবং সামান্য পরিমাণে ডিম্বাশয়। এই হরমোন নারীদের যৌনাকাঙ্ক্ষা বা লিবিডো নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। পাশাপাশি হাড়ের ঘনত্ব বজায় রাখা, পেশির শক্তি ও স্থিতিস্থাপকতা ধরে রাখতেও সহায়তা করে। সাধারণত নারীদের রক্তে টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটারে ১৫ থেকে ৭০ ন্যানোগ্রাম।

২. নারীদের শরীরে টেস্টোস্টেরন বেড়ে গেলে কী হয়?

নারীদের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর ফলে ডিম্বস্ফুটনে জটিলতা, মাসিক অনিয়মিত হওয়া, মাথার চুল পড়ে যাওয়া এবং মুখে অতিরিক্ত লোম গজানোর মতো লক্ষণ দেখা দিতে পারে।

৩. নারীদের টেস্টোস্টেরন বেড়ে যাওয়ার কারণ কী?

Advertisements

নারীদের শরীরে টেস্টোস্টেরন বেড়ে যাওয়ার অন্যতম পরিচিত কারণ পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম বা পিএমওএস। সাধারণত কিশোরী বয়সে ওজন বৃদ্ধি ও হরমোনের ভারসাম্যহীনতার সঙ্গে এ সমস্যার সম্পর্ক থাকতে পারে। এ ছাড়া এড্রিনাল গ্রন্থি বা ডিম্বাশয়ে টিউমার, কনজেনিটাল এড্রিনাল হাইপারপ্লাসিয়া, স্থূলতা, কুশিং সিনড্রোম এবং স্টেরয়েডজাতীয় ওষুধ সেবনের কারণেও টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যেতে পারে।

৪. নারীদের শরীরে টেস্টোস্টেরন কমে গেলেও কি সমস্যা হয়?

টেস্টোস্টেরন শুধু পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ নয়, নারীদের শরীরেও এর প্রয়োজন রয়েছে। হরমোনটির মাত্রা অতিরিক্ত কমে গেলে যৌনাকাঙ্ক্ষা হ্রাস, মেজাজের পরিবর্তন, বিষণ্নতা বা উদ্বেগ, ঘুমের সমস্যা, পেশির দুর্বলতা এবং ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে।

৫. নারীদের টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণ কী?

মেনোপজের পর নারীদের শরীরে ইস্ট্রোজেনের পাশাপাশি টেস্টোস্টেরনের মাত্রাও কমে যেতে পারে। এ ছাড়া ডিম্বাশয়ে অস্ত্রোপচার, পিটুইটারি গ্রন্থির সমস্যা, কেমোথেরাপি বা রেডিওথেরাপির প্রভাব, এড্রিনাল গ্রন্থির রোগ এবং দীর্ঘমেয়াদি অপুষ্টির কারণেও এই হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

৬. নারীদের কি টেস্টোস্টেরন থেরাপির প্রয়োজন হয়?

সাধারণত নারীদের চিকিৎসায় টেস্টোস্টেরন থেরাপি ব্যবহার করা হয় না। তবে কিছু ক্ষেত্রে পেশির শক্তি ও শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে নারী অ্যাথলেটরা এই হরমোন গ্রহণ করে থাকেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া টেস্টোস্টেরন গ্রহণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এর ক্ষতিকর প্রভাবও রয়েছে। তাই হরমোনের মাত্রায় অস্বাভাবিকতা দেখা দিলে নিজে থেকে কোনো ওষুধ না নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Advertisements