বিচ্ছেদের পোস্ট সরিয়ে ফেললেন ন্যান্সি, কারণ কী?

মাত্র দুই সপ্তাহ আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী মহসীন মেহেদীর সঙ্গে হাসিমুখে ছবি প্রকাশ করেছিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ভালোবাসার কথায় সাজানো ক্যাপশন দেখে অনুরাগীদের মনে ছিল সুখী দাম্পত্যের ছবি। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তের পর হঠাৎই সামনে আসে বিচ্ছেদের খবর। আর ঘোষণার পরদিনই পোস্টটি সরিয়ে নেওয়ায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ন্যান্সি জানান, তিনি ও মহসীন মেহেদী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের একসঙ্গে পথচলার ইতি টেনে এবার দুজন পৃথকভাবে জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাবেন বলে জানান গায়িকা।
তবে ঘোষণার পরদিন বৃহস্পতিবার সকালে তার ফেসবুক পেজে আর বিচ্ছেদের সেই পোস্ট দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, রাতের ঘোষণা সকালে মুছে ফেলেছেন তিনি। কেন পোস্টটি সরিয়ে নেওয়া হলো, সে বিষয়ে ন্যানসি এখনো কোনো ব্যাখ্যা দেননি। ফলে বিষয়টি ঘিরে ভক্ত ও অনুসারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বিচ্ছেদের পোস্ট সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে অবশ্য অন্য একটি পোস্টে নিজের উপস্থিতি জানান দিয়েছেন ন্যানসি। বারান্দায় ফুটে থাকা বাগানবিলাসের ছবি শেয়ার করে লিখেছেন, ‘কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।’ প্রকৃতির সৌন্দর্য নিয়ে করা এই পোস্টে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি।
বিচ্ছেদের ঘোষণা দেওয়ার সময় ন্যানসি লিখেছিলেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন গায়িকা। একই সঙ্গে জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করার প্রত্যাশাও প্রকাশ করেন তিনি।
২০২১ সালের আগস্টে মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। পরের বছরের জুনে তাদের সংসারে জন্ম নেয় এক কন্যাসন্তান। এই দাম্পত্যের মধ্য দিয়ে নতুন করে সংসার সাজিয়েছিলেন সংগীতশিল্পী। এর আগে আরও দুটি বিয়ে করেছিলেন ন্যানসি। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে প্রথম সংসার শুরু করেন তিনি। ওই সংসারে জন্ম নেয় কন্যা রোদেলা, যিনি বর্তমানে মায়ের সঙ্গে থাকেন। বড় হয়ে রোদেলাও মায়ের পথ অনুসরণ করে সংগীতের জগতে পা রেখেছেন। ২০১২ সালে প্রথম সংসারের ইতি ঘটে।
এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দ্বিতীয়বার সংসার শুরু করেন ন্যানসি। এই সংসারেও একটি কন্যাসন্তানের মা হন তিনি। ২০২১ সালে দ্বিতীয় দাম্পত্যের বিচ্ছেদের খবর প্রকাশ করেন গায়িকা।
এবার তৃতীয় সংসার নিয়েও বিচ্ছেদের ঘোষণা এবং পরদিন সেই পোস্ট সরিয়ে নেওয়া—দুই ঘটনাই ন্যানসির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে পোস্ট মুছে ফেলার কারণ কিংবা সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে গায়িকা নিজে কিছু না বলা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই। আপাতত ন্যানসির নীরবতাই রেখে যাচ্ছে নানা প্রশ্ন।



