বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, নতুন জীবনের সূচনা

টালিউডে এখন বিয়ের উৎসবের আবহ। দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। কলকাতার নিজ বাসায় বিকেলে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি। এ খবর প্রকাশ করেছে কলকাতার সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।
বিয়ের খবরের সঙ্গে হবু বর ও বন্ধুদের নিয়ে মিমির কয়েকটি ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। ছবিতে সবাইকে বেশ হাসিখুশি ও উৎসবের সাজে দেখা গেছে। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। আজ আইনি বিয়ের পাশাপাশি তাদের বাগদান অনুষ্ঠানও হওয়ার কথা রয়েছে। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হবে। টালিউডের পরিচিত মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে।

আইনি বিয়ের পর অবশ্য উৎসবের পর্ব চলবে আরও কয়েক দিন। আগামী ৫ ডিসেম্বর পাহাড়ি শহর কালিম্পংয়ে তিন দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান। পাহাড়ের পরিবেশে ঘনিষ্ঠজনদের নিয়ে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। এরপর কলকাতায় ফিরে আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে টালিউডের সহকর্মী, বন্ধু ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মিমির বিয়ে নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। বেশ কিছুদিন ধরেই তার বিয়ের খবর ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছিল। প্রতিবারই বিষয়টি এড়িয়ে গেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি বিয়ের নিমন্ত্রণপত্র সামনে আসার পর জল্পনা আরও জোরালো হয়। এবার আইনি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মিমি চক্রবর্তী প্রথম অভিনয় করেন চ্যাম্পিয়ন সিনেমায়। এরপর ছোট পর্দায় একাধিক ধারাবাহিকে কাজ করেন। ২০১২ সালে বাপি বাড়ি যা সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। একই বছর বোঝেনা সে বোঝেনা সিনেমার মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
পরবর্তী সময়ে প্রলয়, গল্প হলেও সত্যি, যোদ্ধা, শুধু তোমারই জন্য, কেলোর কীর্তি, ড্রাকুলা স্যার, বাজি, মিনি ও রক্তবীজসহ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন মিমি। বাংলাদেশের চলচ্চিত্র তুফান-এ অভিনয়ের মধ্য দিয়ে এ দেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি।
অভিনয়জীবনে একের পর এক সাফল্যের পর এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মিমি। টালিউডের এই তারকার বিয়েকে ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও শুভেচ্ছার আবহ।



