কেরালার পর কলকাতা উৎসবেও বাংলাদেশের ‘বনলতা সেন’

ভারতের চলচ্চিত্র উৎসবের মঞ্চে একের পর এক জায়গা করে নিচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমাটি।
আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরের এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) প্রতিযোগিতা বিভাগে লড়বে ‘বনলতা সেন’। এ বিভাগে আটটি দেশ ও অঞ্চলের মোট নয়টি সিনেমা নির্বাচিত হয়েছে। একই উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের আরেক সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এর আগে ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয় ‘বনলতা সেন’। ফলে ভারতের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। কবির জীবনের দীর্ঘ সময় কেটেছে কলকাতায়। সেই শহরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জীবনানন্দের সাহিত্য থেকে অনুপ্রাণিত সিনেমাটির প্রদর্শনীকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
কলকাতা উৎসবে সিনেমাটির নির্বাচন প্রসঙ্গে উজ্জ্বল জানান, জীবনানন্দ দাশের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের গভীর সম্পর্ক রয়েছে। তাই সেখানকার দর্শকের সামনে ছবিটি তুলে ধরার সুযোগ তাঁর কাছে বিশেষ আনন্দের।
নির্মাতা বলেন, ‘জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের জন্য বিশেষ আনন্দের। জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের যে গভীর সম্পর্ক, তাতে এখানে ছবিটি দেখানোর অনুভূতিও আলাদা। আমরা যেভাবে বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছি, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।’
মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা সেন’। এর আগে তিনি নির্মাণ করেন ‘ঊনপঞ্চাশ বাতাস’। সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। এতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার এবং মহীন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজকে।



