নতুন পরিচয়ে দর্শকের সামনে আসছেন বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছেন তিনি। এবার সিনেমার গানে কণ্ঠ দিয়ে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন এই অভিনেত্রী। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন বুবলী।
সম্প্রতি পর্দায় অভিনয়ে কিছুটা অনিয়মিত থাকলেও ক্যামেরার পেছনে ব্যস্ত সময় পার করছিলেন বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। তাহসিন রিফাতের চিত্রনাট্য ও মুরসালিন সরকারের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে জায়গা করে নিয়েছে।

এবার আরও একটি নতুন খবর দিলেন অভিনেত্রী। এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এবার প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন বুবলী। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার জন্য প্লেব্যাক করবেন তিনি।
সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, গানটি নিয়ে বুবলীর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং গানের প্রস্তাবে সম্মতিও দিয়েছেন অভিনেত্রী। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বর মাসে করার পরিকল্পনা রয়েছে।
বুবলীকে দিয়ে প্লেব্যাক করানোর ভাবনা প্রসঙ্গে পরিচালক জাহিদ হোসেন বলেন, সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর ভালো লাগে। তখনই তাকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর আগে তার ‘মাতৃত্ব’ সিনেমার রিচুয়াল গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে বলে মনে করেন পরিচালক।
রিচুয়াল গানের পাশাপাশি বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও রয়েছে নির্মাতার। সেই প্রস্তাবেও সম্মতি দিয়েছেন অভিনেত্রী। গান তৈরির কাজ প্রায় শেষ। আগামী ডিসেম্বরে বুবলীর কণ্ঠে গানটি রেকর্ড করার কথা রয়েছে।
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। প্রেমের গল্পনির্ভর সিনেমাটিতে দুজন মানুষের সম্পর্কের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য ও জীবনযাপন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এই জুটির চতুর্থ সিনেমা এটি। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।
মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। পরিচালক জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া নতুন লটের শুটিংয়ের মধ্য দিয়ে আবার ক্যামেরার সামনে ফিরবেন অভিনেত্রী।



