২৫ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্সি

IMG_8023

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির তৃতীয় সংসারেও ভাঙনের সুর বেজেছে। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন এই গায়িকা। বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তিনি।

পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রাটি একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।’ দীর্ঘদিনের স্মৃতি ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, দুজনেই এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিচ্ছেদের খবর প্রকাশ করে ন্যান্সি শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে আরও লেখেন, যারা তাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। একই সঙ্গে এই সিদ্ধান্তকে বোঝার, সম্মান করার এবং তাদের ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানান তিনি।

জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদী ন্যান্সি। এ প্রসঙ্গে তিনি বলেন, জীবন নিজের মতো করে এগিয়ে যায়। শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করতে চান তিনি। সব সময় পাশে থাকার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন এই সংগীতশিল্পী।

উল্লেখ্য, ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম রোদেলা।

এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। ২০২১ সালে সেই সংসারেরও বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম নায়লা।

Advertisements

দ্বিতীয় বিচ্ছেদের পর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সংসারেরও ইতি টানার ঘোষণা দিলেন তিনি। তবে বিচ্ছেদের কারণ কিংবা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জনপ্রিয় এই গায়িকা।

Advertisements