২৫ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

‘শান্তি’র বার্তা নিয়ে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি, বিতর্কে মিস ইসরায়েল

miss-universe-israel-20261123121800

পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম শোতে ‘শান্তি’র বার্তা তুলে ধরতে গিয়ে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে ইসরায়েলের প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলঙ্কাকে। জেরুজালেমের পুরোনো শহরের দৃশ্য, জলপাইগাছ ও জাফা কমলার ছবি এবং ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় ‘শান্তি’ শব্দ সংবলিত পোশাক পরে মঞ্চে উপস্থিত হন তিনি। তবে ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযান, গাজার পরিস্থিতি ও পশ্চিম তীরে সহিংসতার প্রেক্ষাপটে তাঁর পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

গত সপ্তাহান্তে অনুষ্ঠিত ন্যাশনাল কস্টিউম প্রদর্শনীতে ২৫ বছর বয়সী ইয়াবলঙ্কা সোনালি অলংকারে সাজানো পোশাক, বুট ও মুকুট পরে মঞ্চে আসেন। তার পোশাকের পেছনে ছিল জলপাইগাছ ও জাফা কমলার চিত্র। এর সঙ্গে তিন ভাষায় লেখা ‘শান্তি’ শব্দটিও তুলে ধরা হয়।

সংগৃহীত

মঞ্চে বিচারকদের সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার সময় দর্শকদের একটি অংশ তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিতে শুরু করেন। অনুষ্ঠানের সংগীতের মধ্যেও দর্শকদের সেই প্রতিক্রিয়া শোনা যায়।

পরে পোশাকের পেছনের অংশ ঘুরিয়ে প্রদর্শন করেন ইয়াবলঙ্কা। সেখানে জেরুজালেমের পুরোনো শহরের দৃশ্য ফুটিয়ে তোলা হয়। ছবির কেন্দ্রীয় অংশে ছিল আল-আকসা মসজিদ কমপ্লেক্সের সোনালি ও নীল রঙের অবয়ব। চারপাশে পুরোনো শহরের স্থাপনা তুলে ধরা হয়। পাশাপাশি ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় জেরুজালেমের নাম লেখা ছিল।

তবে পূর্ব জেরুজালেম আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচিত। ফিলিস্তিনিরা ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দাবি করে আসছেন। এই রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার কারণে পোশাকে জেরুজালেমের উপস্থাপনাও বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে।

‘শান্তির বার্তা’ ঘিরে সমালোচনা

ইয়াবলঙ্কার পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। সমালোচকদের একাংশের বক্তব্য, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার অভিযোগের মধ্যে শান্তির বার্তা তুলে ধরা অসংগত।

Advertisements

এক্সে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ফিলিস্তিনে দখলদারত্ব ও গণহত্যার অভিযোগ চলমান থাকা অবস্থায় শান্তির বার্তা লেখা পোশাক পরে মঞ্চে উপস্থিত হওয়ায় দর্শকদের প্রতিক্রিয়ার মুখে পড়েছেন মিস ইসরায়েল।

পোশাকে জলপাইগাছ ও জাফা কমলার ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই দুটি উপাদান ফিলিস্তিনের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। ফলে পোশাকে এগুলো তুলে ধরার বিষয়টি সমালোচকদের কাছে আলাদা তাৎপর্য পেয়েছে।

এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন করেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাইগাছ উপড়ে ফেলার অভিযোগের মধ্যে সেই গাছকেই কীভাবে শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে?

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ১ হাজার ৩৬৯টি হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বহু জলপাইগাছ উপড়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

‘মরুভূমিকে ফুলে-ফলে ভরিয়ে তোলা’ বক্তব্য নিয়েও প্রশ্ন

মঞ্চে ড্যানিয়েল ইয়াবলঙ্কার পরিচয় তুলে ধরার সময় উপস্থাপক ইসরায়েলকে এমন একটি ভূখণ্ড হিসেবে বর্ণনা করেন, যেখানে ইতিহাস জীবন্ত, বিভিন্ন সংস্কৃতির সম্মিলন ঘটেছে এবং মরুভূমিও ফুলে-ফলে সমৃদ্ধ হয়েছে। শুষ্ক ভূমিকে কৃষি উৎপাদনের উপযোগী করে তোলার বিষয়টিও তার বক্তব্যে গুরুত্ব পায়।

কিন্তু এই উপস্থাপনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বয়ান হিসেবে সমালোচনা করেছেন। তাদের মতে, এমন বক্তব্য ফিলিস্তিনের দীর্ঘদিনের ঐতিহাসিক উপস্থিতি, কৃষিকাজ ও স্থানীয় সমাজের ইতিহাসকে আড়াল করতে পারে।

ইতিহাসবিদদের বিভিন্ন গবেষণায় অটোমান শাসনামলসহ বিভিন্ন সময়ে ফিলিস্তিনে কৃষি, বাণিজ্য ও কমলা উৎপাদনের সমৃদ্ধ ইতিহাসের উল্লেখ রয়েছে। বিশেষ করে জাফা কমলা একসময় আন্তর্জাতিক বাজারে ব্যাপক পরিচিতি অর্জন করেছিল। ফলে ইসরায়েলের কৃষি উন্নয়ন নিয়ে বক্তব্যের পাশাপাশি এই অঞ্চলের পূর্ববর্তী কৃষি ও অর্থনৈতিক ইতিহাসও আলোচনায় উঠে এসেছে।

মিস ফিলিস্তিনের পোশাকের সঙ্গে তুলনা

মিস ইসরায়েলের পোশাক নিয়ে বিতর্কের মধ্যে গত বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মিস ফিলিস্তিন নাদা আইয়ুবের অংশগ্রহণ ও তার পোশাকের বিষয়টিও নতুন করে আলোচিত হচ্ছে।

২০২৫ সালে প্রথম ফিলিস্তিনি নারী হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন নাদা আইয়ুব। তার পোশাকে জেরুজালেমের আল-আকসা মসজিদের ডোম অব দ্য রক এবং চার্চ অব দ্য হলি সেপালকারের চিত্র তুলে ধরা হয়েছিল। পোশাকটি তৈরি করেছিলেন ফিলিস্তিনি শিল্পী নেভেন এলকাদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিস ইসরায়েলের পোশাক নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ার পর একটি ভিডিওতে প্রতিক্রিয়া জানান আইয়ুব। সেখানে তিনি লেখেন, ‘আমি ঘুরেছিলাম, বিশ্ব জেরুজালেমকে দেখেছিল। এক বছর পর মিস ইসরায়েল ঘুরলেন। দৃশ্যটি কি পরিচিত মনে হচ্ছে?’

একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে জেরুজালেমের ছবি তুলে ধরা হলেও সেখানে ফিলিস্তিনিদের নিজস্ব কণ্ঠস্বর কতটা গুরুত্ব পাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধি না থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। আইয়ুব জানান, আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একজন প্রতিযোগীকে প্রস্তুত করা এবং তাঁকে পাঠাতে উল্লেখযোগ্য অর্থ ও সাংগঠনিক উদ্যোগ প্রয়োজন। কিন্তু স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন এবং আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধি পাঠানোর জন্য ফিলিস্তিনে পর্যাপ্ত আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা নেই।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিস্থিতি নতুন প্রতিভা তৈরি ও তাদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগও সীমিত করছে বলে মন্তব্য করেন তিনি।

আগামী প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধি নির্বাচন ও অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আইয়ুব। তার মতে, আন্তর্জাতিক আয়োজনগুলোতে ফিলিস্তিনিদের নিজস্ব পরিচয়, সংস্কৃতি ও বক্তব্য তুলে ধরার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মিস ইউনিভার্সের মঞ্চে পোশাক প্রদর্শনকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক তাই শুধু সৌন্দর্য প্রতিযোগিতার বিষয়েই সীমাবদ্ধ থাকেনি। জেরুজালেমের পরিচয়, ফিলিস্তিনের ঐতিহ্য, রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক মঞ্চে কার সংস্কৃতি ও কণ্ঠস্বর কীভাবে উপস্থাপিত হচ্ছে—এসব প্রশ্নও নতুন করে সামনে এসেছে।

Advertisements