‘আমার স্বামী বেঁচে না থাকলে আমার বেঁচে থেকে কী লাভ’, স্বামীকে কিডনি দিয়ে জীবন বাঁচালেন স্ত্রী

স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে ভালোবাসা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার প্রধান শিক্ষিকা মন্দিরা রানী পাল। তার কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন ফিরে পেয়েছেন স্বামী সুদাম পাল। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সময় সকাল ১০টায় অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে জটিল প্রক্রিয়া শেষে ওই দিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেন।
মন্দিরা রানী পাল গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার স্বামী সুদাম পাল একই উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন সুদাম পাল। এরপর থেকেই তার চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। দেশ-বিদেশে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। তবে অনেক চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী।
সে সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’
সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা শুরু হয়। হাসপাতালটির ইউরোলজি ও কিডনি ট্রান্সপ্লান্টেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ফলোআপের পর মঙ্গলবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এদিকে স্ত্রীর এমন আত্মত্যাগ এবং কিডনি প্রতিস্থাপনের সফলতার খবরে দুই পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জন্য স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা সমাজে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।



