অসুস্থ মা-বাবার পাশে ইসরাত, পড়াশুনা থেকে এক বছরের বিরতির সিদ্ধান্ত

এক আকাশসমান স্বপ্ন নিয়ে রাজধানীতে উচ্চমাধ্যমিকে পড়তে এসেছিলেন ইসরাত জাহান। কিন্তু মা-বাবার গুরুতর অসুস্থতা বদলে দিয়েছে তাঁর জীবনের পরিকল্পনা। তাঁদের দেখাশোনার মতো বাড়িতে আর কেউ না থাকায় নিজের পড়াশোনায় এক বছরের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের একাদশ শ্রেণির এই শিক্ষার্থী। তাঁর এমন সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা ও আবেগের জন্ম দিয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) কলেজের উপাধ্যক্ষ বরাবর পড়াশোনায় এক বছরের বিরতি চেয়ে আবেদন করেন ইসরাত। আবেদনে তিনি জানান, তাঁর বাবা ও মা দুজনই বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁদের দেখাশোনা করার মতো পরিবারের আর কেউ না থাকায় চিকিৎসা ও সেবাযত্নের জন্য তাঁকে সারাক্ষণ পাশে থাকতে হচ্ছে। ফলে এ বছর নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষে আবার একাদশ শ্রেণিতে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ চেয়েছেন তিনি।
ইসরাতের বড় বোন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাবলী আক্তার মোনা বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে কলেজ কর্তৃপক্ষের কাছে দেওয়া ইসরাতের আবেদনপত্রের ছবি এবং তাঁর কয়েকটি ছবি প্রকাশ করেন।
পোস্টে বাবলী লেখেন, ‘জীবন যেখানে যেমন…। এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে আমার ছোট্ট সোনাবোনটা ঢাকায় এসেছিলো উচ্চমাধ্যমিকে পড়াশোনা করার জন্য। অতঃপর আব্বু-আম্মু একসাথে গুরুতর অসুস্থ থাকায় অফিসিয়ালি তার স্বপ্নগুলো ১ বছরের জন্য থমকে দাঁড়াল।’
সিদ্ধান্তটি নেওয়ার পেছনের পরিস্থিতি তুলে ধরে তিনি আরও লেখেন, ‘বহু চিন্তাভাবনা করার পরে কোনো কূলকিনারা না পেয়ে এই সিদ্ধান্তে উপনীত হওয়া। ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিস। এটা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না।’
আবেদনপত্র জমা দেওয়ার সময়ের অনুভূতিও প্রকাশ করেন বাবলী। তাঁর ভাষায়, ‘জমা দেওয়ার সময় আমার হাত কাঁপতেছিলো, বারবার চোখে পানি চলে আসতেছিলো। এখনো লিখতে লিখতে চোখ ভিজে যাচ্ছে। আল্লাহ আমাদের খারাপ সময় তাড়াতাড়ি দূর করে দিয়ে তোর স্বপ্নগুলোকে আবার ডানা মেলার সুযোগ করে দিক, আমিন।’
বাবলীর পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইসরাতের সিদ্ধান্তের প্রশংসা করছেন। মা-বাবার প্রতি তাঁর দায়িত্ববোধ ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভকামনা জানিয়েছেন অনেকে।
পোস্টের মন্তব্যে হেলেনা আক্তার নামে এক নারী লেখেন, ‘আল্লাহর পরিকল্পনা সবার উপরে। হয়তোবা এখানেই লুকিয়ে আছে ওর উজ্জ্বল ভবিষ্যৎ। দোয়া রইল মা-বাবার সেবাই যেন জীবনের শেষ মুহূর্তে এসে ভবিষ্যতে উজ্জ্বল নক্ষত্র হয়ে যায়। শুভকামনা রইলো তোমাদের জন্য।’
এদিকে ঘটনাটি নজর কেড়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী মাসুদ রানারও। ইসরাতের সিদ্ধান্তে মুগ্ধ হয়ে নিজের ফেসবুক টাইমলাইনে তিনি লেখেন, অসুস্থ মা-বাবার সেবা করার জন্য একজন শিক্ষার্থীর এক বছরের পড়াশোনা বন্ধ রাখার সিদ্ধান্ত কত বড় ত্যাগ, তা উপলব্ধি করা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষাজীবনে এক বছর পিছিয়ে গেলেও মা-বাবার দোয়ার বরকতে একদিন ইসরাত অনেক বড় কিছু করবেন বলে তাঁর বিশ্বাস। সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, মা-বাবার পাশে দাঁড়ানো এবং তাঁদের দায়িত্ব নেওয়াই যে বড় বিষয়, সে কথাও তুলে ধরেন তিনি।
নিজের শিক্ষাজীবনের স্বপ্ন আপাতত এক বছরের জন্য থামিয়ে মা-বাবার পাশে দাঁড়ানোর ইসরাতের সিদ্ধান্ত নতুন করে মনে করিয়ে দিয়েছে, জীবনের সব অর্জন শুধু সাফল্যের সনদে মাপা যায় না।



