তিন দশক পর আবারও চর্চায় মিঠুন-শ্রীদেবীর সম্পর্ক

আশির দশকে বলিউডের জনপ্রিয় জুটি ছিলেন মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী। সিনেমার পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। একই সময়ে পর্দার বাইরেও দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর সেই পুরোনো অধ্যায় নিয়ে নতুন করে কথা বলেছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক লরেন্স ডি’সুজা।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘গায়ের কানুনি’ সিনেমায় চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন লরেন্স। সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি মিঠুন ও শ্রীদেবীকে ঘিরে সেই সময়ের কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তার দাবি, শুটিংয়ের সময় মিঠুন প্রায়ই শ্রীদেবীর মেকআপ রুমে গিয়ে অপেক্ষা করতেন।

লরেন্সের ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তখন মিঠুন ও শ্রীদেবীর সম্পর্কের বিষয়ে জানতেন। সে সময় মিঠুন যোগিতা বালির সঙ্গে বিবাহিত ছিলেন। শুটিং সেটে নিজের দেখা ঘটনাগুলো উল্লেখ করে নির্মাতা বলেন, মিঠুনকে প্রায়ই শ্রীদেবীর মেকআপ রুমে দেখা যেত।
শ্রীদেবীর শুটিং চলাকালীনও মিঠুন সেটে আসতেন বলে জানান লরেন্স। কখনো অভিনেত্রীর কাজ শেষ হওয়ার সময়ও সেখানে উপস্থিত থাকতেন তিনি। এ ছাড়া মিঠুনের কাছ থেকে শ্রীদেবীর কাছে নিয়মিত ফোন আসত বলেও দাবি করেন নির্মাতা। ফোনে কথা বলার জন্য শ্রীদেবী কখনো সেট থেকে একটু দূরে চলে যেতেন। কথা শেষ করে আবার ফিরে এসে শুটিং করতেন।
সাক্ষাৎকারে শ্রীদেবীর ব্যক্তিত্ব নিয়েও স্মৃতিচারণ করেন লরেন্স ডি’সুজা। তার মতে, অভিনেত্রী ছিলেন বেশ শান্ত স্বভাবের ও অন্তর্মুখী। শুটিংয়ের বিরতিতে অন্যদের সঙ্গে গল্পগুজবে মেতে না থেকে একা সময় কাটাতেই বেশি পছন্দ করতেন তিনি। লরেন্সের চোখে, শ্রীদেবী ছিলেন ভালো মনের মানুষ এবং স্বভাবেও বেশ নীরব।

মিঠুন ও শ্রীদেবী একসঙ্গে ‘জাগ উঠা ইনসান’, ‘ওয়াক্ত কি আওয়াজ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাদের জুটি সে সময় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দার বাইরের সম্পর্ক নিয়ে বহু বছর ধরে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি দেননি।
পরবর্তীতে ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রীদেবী। এই দম্পতির দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। দুজনেই এখন অভিনয় জগতের সঙ্গে যুক্ত।
জাহ্নবী কাপুর ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। ছবিতে তার বিপরীতে ছিলেন ঈশান খট্টর। অন্যদিকে, খুশি কাপুরের অভিনয়যাত্রা শুরু হয় ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে। ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ‘নাদানিয়ান’ ছিল তার সাম্প্রতিক কাজগুলোর একটি।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে মৃত্যুবরণ করেন শ্রীদেবী। তার মৃত্যুর বহু বছর পরও অভিনয়জীবন, ব্যক্তিগত সম্পর্ক ও বলিউডের স্মৃতিচারণে বারবার আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী।



