স্টেরিওটাইপ ভেঙে মেকানিক হিসেবে গ্যারেজে কাজ করছেন ২১ বছরের রেবেকা

লেবাননের পুরুষপ্রধান পেশায় প্রচলিত ধারণা ভেঙে নতুন দৃষ্টান্ত গড়ছেন ২১ বছর বয়সী তরুণী রেবেকা সুক্কার। দেশটির উত্তরাঞ্চলীয় বশাররি জেলায় বাবার গাড়ি মেরামতের ওয়ার্কশপে কাজ করছেন তিনি। গাড়ির যন্ত্রাংশ থেকে শুরু করে ভারী সরঞ্জাম সামলানো—সবকিছুতেই দক্ষ হয়ে উঠছেন এই তরুণী।
রেবেকার পথচলা অবশ্য শুরু হয়েছিল ভিন্নভাবে। বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ও বিজ্ঞাপন বিষয়ে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। কিন্তু তিন বছর আগে গ্রীষ্মকালীন ছুটিতে বাবার গাড়ি মেরামতের দোকানে সময় কাটাতে গিয়ে এই কাজের প্রতি আগ্রহ তৈরি হয় তার। এরপর নিজের পড়াশোনার বিষয় পরিবর্তন করে ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে।
গাড়ি মেরামতের কাজে ভারী যন্ত্রপাতি ও বিভিন্ন যন্ত্রাংশ সামলাতে শারীরিক সক্ষমতার প্রয়োজন হয়। বিষয়টি মাথায় রেখে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে নিজের শারীরিক শক্তিও বাড়িয়েছেন রেবেকা। এখন বাবার ওয়ার্কশপে কাজ করার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন তিনি।
রেবেকার লক্ষ্য শুধু বাবার সঙ্গে কাজ করা নয়। পড়াশোনা শেষ করে আরও অভিজ্ঞতা অর্জনের পর নিজের একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ চালু করতে চান তিনি। আর সেই প্রতিষ্ঠানের নাম রাখতে চান বাবার নামেই।
ঐতিহ্যগতভাবে পুরুষদের আধিপত্য থাকা গাড়ি মেরামতের পেশায় রেবেকার এই পথচলা লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। নিজের আগ্রহ, পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে তিনি দেখিয়ে দিচ্ছেন, কোনো পেশাই নারীদের জন্য অসম্ভব নয়।



