মাত্র ২ ফুট উচ্চতার মহিষের দাম ১ কোটি রুপি, নাম রাখা হয়েছে ‘পিঙ্কি’

ভারতের রাজস্থানের ঐতিহ্যবাহী পুষ্কর মেলায় এবার দর্শনার্থীদের নজর কেড়েছে মাত্র ২ ফুট উচ্চতার একটি মহিষ। পিঙ্কি নামের এই খুদে মহিষটিকে বিশ্বের সবচেয়ে ছোট মহিষ বলে দাবি করছেন এর মালিক। ব্যতিক্রমী আকৃতির এই মহিষটির দাম হাঁকা হয়েছে এক কোটি রুপি।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ পশুমেলা হিসেবে পরিচিত পুষ্কর মেলায় প্রতিবছরই নানা আকৃতির ঘোড়া, উট ও মহিষ দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। তবে এবার বিশালদেহী প্রাণীদের ভিড়ে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ছোট্ট পিঙ্কি। প্রতিদিন অসংখ্য মানুষ তাকে দেখতে ভিড় করছেন। তুলছেন ছবি ও ভিডিও।
পিঙ্কির মালিকের দাবি, মহিষটি অত্যন্ত বিরল। ক্ষুদ্র আকৃতি, শান্ত স্বভাব ও ব্যতিক্রমী গড়নের কারণেই এর দাম এক কোটি রুপি নির্ধারণ করেছেন তিনি। তবে এই দাম এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি প্রকাশ্যে কোনো সম্ভাব্য ক্রেতার সন্ধানও পাওয়া যায়নি।
মালিকের ভাষ্য অনুযায়ী, পিঙ্কি বেশ শান্ত ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের। দর্শনার্থীরা কাছে এলেও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শিশুদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে মহিষটি। তার যত্নে সাধারণ খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। উচ্চ শব্দে অস্বস্তি হওয়ায় ক্লান্ত হলে তাকে মেলার কোলাহল থেকে দূরে রাখা হয়।
এবারের পুষ্কর মেলায় আড়াই ফুট উচ্চতার পুঙ্গানুর জাতের গরু, কয়েকশ কেজি ওজনের মুরাহ মহিষ এবং কোটি রুপি দামের ঘোড়াও এসেছে। তবে এত সব আকর্ষণের মধ্যেও মাত্র ২ ফুট উচ্চতার পিঙ্কিই হয়ে উঠেছে এবারের মেলার অন্যতম আলোচিত প্রাণী।



