এত শীতেও বাংলাদেশে বরফ পড়ে না কেন?

শীত এলেই দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসে ঠান্ডা। বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমে আসে বেশ নিচে। কুয়াশায় ঢেকে যায় চারপাশ, বাড়ে শীতের তীব্রতা। অথচ বিশ্বের অনেক দেশে এই সময় তুষারপাত হয়, সাদা বরফে ঢেকে যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও গাছপালা। প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশেও তো শীত পড়ে, তাহলে এখানে বরফ পড়ে না কেন?
এর উত্তর জানতে হলে প্রথমে বুঝতে হবে তুষারপাত কীভাবে হয়। সূর্যের তাপে সাগর, নদী, খাল-বিল ও পুকুরের পানি বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায়। জলীয় বাষ্প বাতাসের তুলনায় হালকা হওয়ায় ওপরের দিকে ছড়িয়ে পড়ে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে তাপমাত্রা। একপর্যায়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা বা বরফকণায় পরিণত হয়।
বায়ুমণ্ডলের ওপরের ঠান্ডা অঞ্চলে এসব বরফকণা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তুষারকণা তৈরি করে। পরে সেগুলো ভারী হয়ে গেলে মাধ্যাকর্ষণের টানে নিচে নেমে আসে। এই তুষারকণা ভূপৃষ্ঠে পৌঁছানোর সময়ও বরফ অবস্থায় থাকলে তাকে তুষারপাত বলা হয়।
কিন্তু তুষারপাতের জন্য শুধু আকাশে বরফকণা তৈরি হলেই চলে না। মেঘ থেকে মাটিতে নেমে আসার পুরো পথের তাপমাত্রাও গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের নিচের স্তর উষ্ণ হলে তুষারকণা গলে বৃষ্টিতে পরিণত হয়। আর তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি বা তার নিচে থাকলে তুষারকণা বরফ হিসেবেই মাটিতে পৌঁছাতে পারে।
বাংলাদেশে তুষারপাত না হওয়ার প্রধান কারণ এখানকার তাপমাত্রা। শীতকালে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেক কমে গেলেও তা সাধারণত শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না। স্বাধীনতার পর দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেদিন সেখানে তাপমাত্রা নেমেছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
দেশের তাপমাত্রা হিমাঙ্কের ওপরে থাকায় আকাশে তৈরি হওয়া বরফকণা নিচে নামার পথে গলে যায়। ফলে তুষারপাতের পরিবর্তে বৃষ্টি হয়। তবে বাংলাদেশে মাঝেমধ্যে শিলাবৃষ্টি দেখা যায়। শিলাবৃষ্টি ও তুষারপাত এক বিষয় নয়। শিলাবৃষ্টির শিলা বজ্রমেঘের ভেতরে শক্তিশালী বায়ুপ্রবাহের কারণে বারবার ওপরে-নিচে ঘুরে বরফের স্তর জমিয়ে তৈরি হয়।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত তুষারপাতের কোনো রেকর্ড নেই। ভবিষ্যতে তুষারপাতের সম্ভাবনাও নির্ভর করবে দেশের তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতির ওপর। বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমে গেলে এবং প্রয়োজনীয় আবহাওয়াগত পরিস্থিতি তৈরি হলে তাত্ত্বিকভাবে তুষারপাত অসম্ভব নয়।
অর্থাৎ বাংলাদেশে শীত যতই তীব্র হোক, শুধু ঠান্ডা অনুভূত হলেই বরফ পড়বে না। আকাশ থেকে মাটিতে পৌঁছানো পর্যন্ত তুষারকণাকে বরফ অবস্থায় টিকে থাকতে হবে। আর সেই পরিবেশ তৈরি না হওয়ায় শীতের দেশ হয়েও বাংলাদেশে এখন পর্যন্ত দেখা মেলেনি তুষারপাতের।



