ফসলের মাঠজুড়ে হীরামন টিয়ার আনাগোনা, পাখির সৌন্দর্য দেখতে ভিড় আলোকচিত্রীদের

সবুজ ফসলের মাঠে কখনো ঘাসের শিষে বসে খাবার খাচ্ছে রঙিন পাখি, আবার কখনো ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে নীল আকাশে। এক মাঠ থেকে অন্য মাঠে তাদের ছুটে চলা, ডানা মেলে উড়ে যাওয়া কিংবা দলবেঁধে খাবার খোঁজার দৃশ্য মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। মাথায় গোলাপি আভা আর শরীরজুড়ে সবুজের সমারোহ—অপরূপ সৌন্দর্যের এই পাখিগুলোর নাম হীরামন টিয়া। তাদের বিচরণ দেখতে প্রতিদিন সকালেই ভিড় জমাচ্ছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা।

নওগাঁর বদলগাছী উপজেলার দোনইল গ্রামের ফসলের মাঠে এখন দেখা মিলছে হীরামন টিয়ার ঝাঁকের। পাখিগুলোর রঙিন সৌন্দর্য ও স্বাভাবিক বিচরণ উপভোগ করতে শুধু স্থানীয়রাই নন, ঢাকা, রাজশাহী, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন আলোকচিত্রীরা। কেউ ক্যামেরায় স্থিরচিত্র ধারণ করছেন, আবার কেউ ভিডিও করছেন পাখিদের উড়ে বেড়ানোর নানা মুহূর্ত।
শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। এই ঋতুতে শিশিরভেজা দোনইল গ্রামের ফসলের মাঠ যেন পরিণত হয়েছে হীরামন টিয়ার বিচরণক্ষেত্রে। প্রতিদিন ভোরে সূর্যের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই খাবারের খোঁজে মাঠে নামে পাখির ঝাঁক। কখনো ঘাসের বীজ, কখনো শস্যদানা খেতে ব্যস্ত থাকে তারা। আবার কখনো পুরো মাঠজুড়ে ছড়িয়ে পড়ে দলবেঁধে। মানুষের উপস্থিতি বুঝতে পারলেই মুহূর্তের মধ্যে উড়ে গিয়ে আশপাশের অন্য কোনো জায়গায় আশ্রয় নেয়। কিছু সময় পর আবার ফিরে আসে আগের মাঠে।

এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সকাল থেকেই সেখানে উপস্থিত হন বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে আলোকচিত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। কারও হাতে পেশাদার ক্যামেরা, কারও সঙ্গে রয়েছে ভিডিও ধারণের আধুনিক সরঞ্জাম। পাখিদের বিরক্ত না করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের গতিবিধি অনুসরণ করেন আলোকচিত্রীরা। পছন্দের একটি ছবি তোলার জন্য কখনো দীর্ঘ সময় অপেক্ষাও করতে হয়।
ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা আলোকচিত্রীরা জানান, প্রকৃতির মাঝে একসঙ্গে এতগুলো রঙিন পাখির অবাধ বিচরণ দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। শহরের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে গ্রামের সবুজ মাঠে এসে পাখিদের এমন কাছাকাছি পরিবেশে দেখতে পাওয়া অন্য রকম আনন্দের। বিশেষ করে পাখিগুলোর রং, উড়ার ভঙ্গি এবং দলবদ্ধ চলাফেরা ক্যামেরায় ধারণ করার সুযোগ তাদের কাছে বেশ আকর্ষণীয়।
বদলগাছী উপজেলার বার্ড ফটোগ্রাফার সঞ্জয় কুমার জানান, চলতি বছর দোনইল এলাকায় আনুমানিক ১৫০ থেকে ২০০টি হীরামন টিয়ার দেখা মিলেছে। মূলত খাবারের সন্ধানে পাখিগুলো এখানে আসে। কয়েক মাস ধরে এই এলাকায় অবস্থান করার পর আবার অন্যত্র চলে যায়। পাখিগুলোর সৌন্দর্য দেখতে এবং ছবি তুলতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলোকচিত্রীরা আসছেন।
দোনইল গ্রামের মাঠে হীরামন টিয়ার নিয়মিত আনাগোনার পেছনে স্থানীয় যুবক আরিফ আফরানেরও বিশেষ উদ্যোগ রয়েছে। পাখিদের খাবারের উপযোগী পরিবেশ তৈরি করতে তিনি নিজ উদ্যোগে এবং নিজের খরচে জমিতে চাষ করেছেন বিদেশি জাতের জনসন ঘাস। এই ঘাসের বীজ ও দানা খেতেই প্রতিদিন ভোরে মাঠে হাজির হয় হীরামন টিয়ার দল। তার এই উদ্যোগে পাখিদের জন্য তৈরি হয়েছে খাবারের একটি নির্ভরযোগ্য উৎস।
আরিফ আফরান বলেন, তার জমিতে পাখিদের আনাগোনা দেখতে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন আলোকচিত্রী আসেন। এখন পর্যন্ত শতাধিক আলোকচিত্রী এই মাঠে এসে হীরামন টিয়ার ছবি তুলেছেন। পাখিদের দেখতে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। বিষয়টি তাকে আনন্দিত করে। পাখিগুলো যেন নিয়মিত এখানে আসতে পারে, সে জন্য তিনি খাবারের পরিবেশ ধরে রাখার চেষ্টা করছেন।
স্থানীয়ভাবে পাখিগুলো হীরামন টিয়া নামে পরিচিত হলেও পাখিবিষয়ক সূত্রে এদের ইংরেজি নাম প্লাম-হেডেড প্যারাকিট। পুরুষ ও স্ত্রী পাখির চেহারায় রয়েছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। পুরুষ পাখির মাথায় গোলাপি ও ফ্যাকাশে নীল রঙের মিশ্রণ দেখা যায়। ঘাড়ের চারপাশে রয়েছে কালো বলয় এবং শরীরের অধিকাংশ অংশ সবুজ। অন্যদিকে স্ত্রী পাখির মাথার রং তুলনামূলক ধূসর নীলাভ। তাদের ঘাড়ে পুরুষ পাখির মতো কালো বলয় থাকে না। প্রায় ৩০ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই পাখির অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো মাথার বিচিত্র রং ও দীর্ঘ লেজ।

বাংলাদেশে টিয়ার সাতটি প্রজাতির মধ্যে হীরামন টিয়া অন্যতম। দেশের বিভিন্ন বনাঞ্চলে এদের দেখা পাওয়া যায়। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও দক্ষিণ আসাম, পাকিস্তান এবং উত্তর মিয়ানমারেও এদের বিস্তৃতি রয়েছে। সাধারণত শস্যবীজ, ছোট ফল এবং ফুলের পাপড়ি খেয়ে জীবন ধারণ করে পাখিগুলো। প্রজনন ও বসবাসের জন্য গাছের প্রাকৃতিক কোটরকে বাসা হিসেবে বেছে নেয়। জুলাই ও আগস্ট মাসে এদের প্রজনন মৌসুম। এ সময় স্ত্রী পাখি সাধারণত চার থেকে পাঁচটি ডিম পাড়ে।
স্বভাবে হীরামন টিয়া বেশ সতর্ক ও লাজুক। আশপাশে মানুষের উপস্থিতি টের পেলেই দ্রুত উড়ে অন্য জায়গায় চলে যায়। এ কারণে পাখিগুলোর ছবি তুলতে আলোকচিত্রীদের ধৈর্যের পাশাপাশি সতর্কতাও অবলম্বন করতে হয়। পাখিদের স্বাভাবিক চলাফেরা ও খাবার সংগ্রহে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকৃতির এই রঙিন পাখির সঙ্গে মানুষের পরিচয় অবশ্য নতুন নয়। একসময় রূপকথার গল্পে রাজকন্যা কিংবা রানিদের প্রিয় পাখি হিসেবে হীরামনের উল্লেখ পাওয়া যেত। গল্পের সেই পরিচিত পাখির বাস্তব উপস্থিতি এখন নওগাঁর দোনইল গ্রামের ফসলের মাঠে তৈরি করেছে এক ভিন্ন আবহ। প্রতিদিন অসংখ্য মানুষের আগমন যেমন স্থানীয় এলাকায় বাড়তি আকর্ষণ তৈরি করছে, তেমনি পাখি ও প্রকৃতির প্রতি মানুষের আগ্রহও বাড়াচ্ছে।
তবে শুধু ছবি তোলা কিংবা পাখি দেখার আনন্দই নয়, তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও জরুরি। নির্বিচারে বিরক্ত করা, খাবারের জায়গা নষ্ট করা কিংবা খুব কাছ থেকে ছবি তোলার চেষ্টা পাখিদের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই হীরামন টিয়ার এই বিচরণ দীর্ঘদিন ধরে রাখতে হলে তাদের খাদ্যের উৎস, নিরাপদ আশ্রয় এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে স্থানীয় মানুষ ও দর্শনার্থী—সবার সচেতন ভূমিকা প্রয়োজন।
সূত্রঃ সমকাল



