২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় শিক্ষায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ, প্রাক-প্রাথমিকে যায় না ৬৪% শিশু

7_2NidYBl

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষায় ভর্তির হারে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। দেশে তিন থেকে পাঁচ বছর বয়সী মাত্র ৩৬ শতাংশ শিশু প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে। অর্থাৎ এ বয়সী প্রায় দুই-তৃতীয়াংশ শিশু এখনো প্রাক-প্রাথমিক শিক্ষার বাইরে রয়েছে। এতে শৈশবেই শিশুদের জ্ঞানীয়, সামাজিক, আবেগীয় ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

বিশ্বব্যাংকের চলতি নভেম্বর মাসে প্রকাশিত ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় প্রাক-প্রাথমিক শিক্ষায় ভর্তির গড় হার ৬২ শতাংশ। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে নেপালে ৬২ শতাংশ, ভারত ও ভুটানে ৫২ শতাংশ শিশু এ স্তরে ভর্তির সুযোগ পাচ্ছে। অন্যদিকে শ্রীলঙ্কায় এ হার ৪৫ শতাংশ এবং মালদ্বীপে ৩৭ শতাংশ।

ইউনেস্কোর বিশ্ব শিক্ষা পরিসংখ্যান ২০২৫ অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় প্রাক-প্রাথমিকে ভর্তির হারে সবচেয়ে এগিয়ে নেপাল। দেশটির প্রায় ৬২ দশমিক ৩ শতাংশ শিশু এ শিক্ষার আওতায় রয়েছে। অন্যদিকে পাকিস্তানে তিন থেকে পাঁচ বছর বয়সী ৫৮ দশমিক ৮ শতাংশ শিশু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।

প্রাথমিক শিক্ষার মান নিয়েও উদ্বেগ

শুধু প্রাক-প্রাথমিকে ভর্তির হার নয়, দেশের প্রাথমিক শিক্ষার মান নিয়েও উদ্বেগ রয়েছে। বিশ্বব্যাংকের ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের ১০ বছর বয়সী শিশুদের ৫১ শতাংশই বয়স উপযোগী সাধারণ লেখা পড়তে ও বুঝতে পারে না। একই সঙ্গে তারা শ্রেণি উপযোগী গণিতের দক্ষতাও অর্জন করতে পারছে না।

Advertisements

চলতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনেও শিক্ষকদের ডিজিটাল শিক্ষা ও একুশ শতকের দক্ষতা প্রয়োগে পিছিয়ে থাকার বিষয়টি উঠে এসেছে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রধান শিক্ষকের ৬৫ হাজার ৫৫৩টি পদের মধ্যে ২৭ হাজার ৭৩৪টি শূন্য রয়েছে। এসব পদে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে।

কেন প্রাক-প্রাথমিকে আগ্রহ কম

শিক্ষাসংশ্লিষ্টদের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে অভিভাবকদের সংশয়, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব এবং শিক্ষা খাতে পরিকল্পনার ঘাটতি প্রাক-প্রাথমিকে ভর্তির হার কম থাকার অন্যতম কারণ। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের অনেক অভিভাবক সরকারি বিদ্যালয়ের পরিবর্তে বেসরকারি প্রতিষ্ঠান বেছে নিচ্ছেন। অন্যদিকে নিম্ন আয়ের পরিবারের অনেকে তুলনামূলক কম খরচ এবং দীর্ঘ সময় শিশুকে প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখার সুযোগ থাকায় মাদরাসায় সন্তানদের ভর্তি করাচ্ছেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি সমন্বিত শিক্ষা পরিকল্পনা প্রয়োজন। অনেক উদ্যোগই দেশের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, গাজীপুরের পোশাক কারখানায় কর্মরত অনেক মা সন্তানদের মাদরাসায় পড়াচ্ছেন। কারণ, সেখানে খরচ তুলনামূলক কম এবং কর্মস্থলে থাকার পুরো সময় সন্তানকে প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখার সুযোগ রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের ব্যবস্থা নেই।

কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে সরকারি বিদ্যালয়ে আফটার স্কুল কার্যক্রম চালুরও পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, স্কুলের নিয়মিত সময় শেষে শিশুদের বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রমে যুক্ত রাখার সুযোগ তৈরি করা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এসএম হাফিজুর রহমান মনে করেন, প্রাক-প্রাথমিক শিক্ষা সম্পর্কে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাবও ভর্তির হার কম থাকার একটি বড় কারণ। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক অভিভাবক মনে করেন, শিশুদের আনুষ্ঠানিক পড়াশোনা শুরু হয় প্রথম শ্রেণি থেকে।

তাঁর মতে, প্রাক-প্রাথমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের জানাতে হবে। পাশাপাশি যেসব শিশু এ কার্যক্রমের বাইরে রয়েছে, তাদের চিহ্নিত করে বিদ্যালয়ে নিয়ে আসার উদ্যোগ নিতে হবে।

সব বিদ্যালয়ে নেই প্রাক-প্রাথমিক শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হয়নি। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী, দেশের ৮৮ দশমিক ১১ শতাংশ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ স্তরের শিক্ষা কার্যক্রম রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ দশমিক ৯৫ শতাংশ এবং কিন্ডারগার্টেনের ৯৩ দশমিক ৪২ শতাংশে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। অন্যদিকে ইবতেদায়ি মাদরাসার ক্ষেত্রে এ হার ৫০ শতাংশের নিচে।

প্রাক-প্রাথমিক স্তর থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২ দশমিক ৭ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছে কিন্ডারগার্টেন। মোট শিক্ষার্থীর ৪৬ দশমিক ৭ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়লেও কিন্ডারগার্টেনে প্রাক-প্রাথমিক স্তরের মোট শিক্ষার্থীর ৩৫ দশমিক ৭ শতাংশ ভর্তি রয়েছে।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালুকশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, তাঁদের বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী মাত্র সাত থেকে আটজন। শিশুদের শব্দ শেখানো ও চেনানোর মধ্যেই মূলত পাঠদান সীমাবদ্ধ। অভিভাবকদের মধ্যে মাদরাসায় সন্তানদের পড়ানোর আগ্রহ বেশি থাকায় সরকারি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরে শিক্ষার্থী পাওয়া কঠিন হচ্ছে।

দুই বছর মেয়াদি শিক্ষা চালুর উদ্যোগ

প্রাক-প্রাথমিক শিক্ষায় শিশুদের অংশগ্রহণ বাড়াতে দুই বছর মেয়াদি পাইলট কার্যক্রম পরিচালনা করছে সরকার। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। এর পাশাপাশি চার বছর বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করে দুই বছর মেয়াদি শিক্ষা কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের ৩ হাজার ২১৪টি বিদ্যালয়ে এ পাইলট কার্যক্রম চলছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা ও সম্ভাব্যতা যাচাই করে পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শুধু কতজন শিশু বিদ্যালয়ে ভর্তি হলো, তা দিয়ে শিক্ষার সাফল্য পরিমাপ করা যায় না। প্রতিটি শিশু বয়স ও সক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ পাচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রীর মতে, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার আওতায় আনা, প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, বয়সোপযোগী শিক্ষা উপকরণ এবং শিশুবান্ধব শ্রেণিকক্ষ নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা, গল্প ও ছড়ার মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।

Advertisements