২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

sa_113.1761025787

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় গহনার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

উল্লেখ্য, এর আগের দিন সোমবারও ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছিল বাজুস। তার আগে টানা আট দফায় স্বর্ণের দাম কমেছিল মোট ৩৪ হাজার ৬৯০ টাকা। ধারাবাহিক দরপতনের পর গত দুই দফায় আবারও মূল্যবৃদ্ধি হওয়ায় দেশের স্বর্ণবাজারে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ২ হাজার ৯১৬ টাকায়, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৯২৫ টাকা।

স্বর্ণের দাম প্রায় দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছানোয় ক্রেতাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

Advertisements
Advertisements