২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

‘হকআই’ থেকে ‘ডুমসডে’, ফের মার্ভেল দুনিয়ায় হেইলি

dfc5626a67bdbe23488b4709313b7186

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে আবারও দেখা যাবে অভিনেত্রী হেইলি স্টেইনফেল্ডকে। কেট বিশপ চরিত্রে তার প্রত্যাবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই মার্ভেল ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। সম্প্রতি মার্ভেল স্টুডিওস ও ডিজনি অ্যানিমেশন যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তবে সিনেমায় তার চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হবে কিংবা গল্পে কী ধরনের ভূমিকা থাকবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংগৃহীত

মজার বিষয় হলো, ভিডিওটি তৈরি করা হয়েছিল হেইলির নতুন অ্যানিমেটেড সিনেমা ‘হেক্সড’-এর প্রচারণার সময়। সেখানে তাকে একটি কালো পরিচালকের চেয়ারের সামনে দেখা যায়। চেয়ারের পেছনে অভিনেত্রীর নাম লেখা ছিল। সেটি দেখে রসিকতা করে হেইলি বলেন, ‘আমি এখানে আমার সিনেমা হেক্সড নিয়ে এসেছি। কিন্তু মনে হচ্ছে, অন্য একটি সিনেমার চেয়ার এখানে চলে এসেছে।’

ভিডিওটির ক্যাপশনেই প্রকাশ করা হয়, আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে থাকছেন এই অভিনেত্রী। আনুষ্ঠানিক ঘোষণার পর কেট বিশপের চরিত্র নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মার্ভেলের বৃহৎ সুপারহিরো সমাবেশে তরুণ এই তিরন্দাজের ভূমিকা কী হতে পারে, তা জানতে আগ্রহী দর্শকেরা।

২০২১ সালে ডিজনি প্লাসের সিরিজ ‘হকআই’-এর মাধ্যমে মার্ভেল জগতে পা রাখেন হেইলি স্টেইনফেল্ড। সিরিজটিতে তিনি কেট বিশপ চরিত্রে অভিনয় করেন। গল্পে ক্লিন্ট বার্টন বা হকআইয়ের সঙ্গে পরিচয় হয় কেটের। ছোটবেলা থেকেই তিরন্দাজিতে পারদর্শী কেট ক্লিন্টকে নিজের আদর্শ মনে করতেন। পরবর্তী সময়ে তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ সুপারহিরো হয়ে ওঠার পথে এগিয়ে যান। সিরিজটিতে হেইলির অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।

সংগৃহীত

এরপর ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য মার্ভেলস’ সিনেমার শেষ অংশেও কেট বিশপের উপস্থিতি দেখা যায়। সেখানে কামালা খান চরিত্রে অভিনয় করা ইমান ভেলানি কেটের সঙ্গে যোগাযোগ করেন। তরুণ সুপারহিরোদের নিয়ে একটি দল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। সেই দৃশ্য থেকেই মার্ভেলের সম্ভাব্য ‘ইয়ং অ্যাভেঞ্জার্স’ প্রকল্প নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়। যদিও এখন পর্যন্ত এ নামে কোনো সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে কেটের প্রত্যাবর্তনের খবর সেই পুরোনো আলোচনাকে আবারও উসকে দিয়েছে।

এদিকে ‘ডুমসডে’তে শুধু হেইলি স্টেইনফেল্ডই নন, মার্ভেলের আরও কয়েকটি পরিচিত মুখ ফিরছেন বলে জানা গেছে। এলিজাবেথ ওলসেনকে আবারও দেখা যাবে ওয়ান্ডা ম্যাক্সিমফ তথা স্কারলেট উইচ চরিত্রে।

Advertisements

অন্যদিকে, দীর্ঘদিনের পরিচিত আয়রনম্যান চরিত্রের বাইরে গিয়ে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হচ্ছেন রবার্ট ডাউনি জুনিয়র। তাকে দেখা যাবে মার্ভেলের ভয়ংকর খলনায়ক ডক্টর ডুমের ভূমিকায়। অ্যান্থনি ও জো রুশো পরিচালিত সিনেমাটিতে অ্যাভেঞ্জার্সের পাশাপাশি ফ্যান্টাস্টিক ফোর ও এক্স-মেন ফ্র্যাঞ্চাইজির একাধিক চরিত্রও একসঙ্গে হাজির হবে।

বিভিন্ন সময়ের জনপ্রিয় সুপারহিরোদের একই কাহিনিতে একত্র করার পরিকল্পনা সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে কেট বিশপের মতো নতুন প্রজন্মের সুপারহিরোরা এই বিশাল লড়াইয়ে কীভাবে অংশ নেবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে। হেইলি স্টেইনফেল্ডের প্রত্যাবর্তন তাই শুধু একটি জনপ্রিয় চরিত্রের ফিরে আসা নয়, মার্ভেলের আগামী দিনের গল্পে তরুণ সুপারহিরোদের গুরুত্ব নিয়েও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Advertisements