সেন্টমার্টিনে সমুদ্রে বর্জ্য ফেলার দায়ে রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

পর্যটন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ দ্বীপ সেন্টমার্টিনে সমুদ্রে বর্জ্য ফেলার অভিযোগে ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে একটি ফিশিং ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সৈকতের বালুচরে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণপাড়া সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার টানা দুই দিন দ্বীপের বিভিন্ন রিসোর্টের পরিবেশগত অবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ সময় সেন্ট ক্যাসেল রিসোর্টের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় অনিয়মের তথ্য পাওয়া যায়। প্রথম দিকে রিসোর্ট কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করলেও সরেজমিনে তদন্তে এর সত্যতা মেলে।
অভিযানকারীরা দেখতে পান, পাম্পের সাহায্যে রিসোর্টের বর্জ্য সরাসরি সমুদ্রে ফেলা হচ্ছে। এ কাজে ড্রেজারের মতো একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে অন্যের জমিতে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত রিসোর্ট কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করেন।
অভিযানের অংশ হিসেবে দ্বীপের আরও কয়েকটি রিসোর্টের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত কার্যক্রম খতিয়ে দেখা হয়। সেসব প্রতিষ্ঠানে কিছু অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অন্যদিকে, সেন্টমার্টিনের সমুদ্রসীমার নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার আটক করে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়।
এ ছাড়া সৈকতের বালুচরে মোটরসাইকেল চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। দ্বীপের পরিবেশ ও সৈকতের স্বাভাবিক অবস্থা রক্ষায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। দ্বীপের পরিবেশের ভারসাম্য বজায় রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট মালিক এবং পর্যটকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, যত্রতত্র বর্জ্য ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। দ্বীপের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসনের এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ, কোস্ট গার্ডের সদস্য এবং বিচকর্মীরা অংশ নেন।



