শীতে ভ্রমণে ব্যাগে কী কী রাখবেন, ভুলবেন না এসব প্রয়োজনীয় জিনিস

শীতকাল মানেই ভ্রমণের বাড়তি আনন্দ। কর্মব্যস্ততা থেকে কয়েক দিনের বিরতি নিয়ে অনেকেই পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তবে শীতের ভ্রমণে আনন্দ উপভোগ করতে হলে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি। বিশেষ করে ব্যাগ গোছানোর সময় একটু অসতর্ক হলেই প্রয়োজনীয় জিনিস বাদ পড়ে যেতে পারে। আবার অতিরিক্ত পোশাক ও জিনিসপত্র নিতে গিয়ে ব্যাগের ওজনও বেড়ে যায়। তাই শীতের ভ্রমণে বের হওয়ার আগে ব্যাগ গোছানোর ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখা প্রয়োজন।
১. ভারী পোশাকের বদলে বেছে নিন হালকা শীতের কাপড়
ভ্রমণের ব্যাগে অনেক ভারী সোয়েটার বা শীতের পোশাক না নিয়ে হালকা সোয়েটার, হুডি কিংবা জ্যাকেট রাখুন। এতে ব্যাগের ওজন তুলনামূলক কম থাকবে। পাশাপাশি একাধিক হালকা পোশাক স্তরে স্তরে পরলে আবহাওয়া অনুযায়ী শীতের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে।
২. সঙ্গে রাখুন একটি ভালো মানের জ্যাকেট
শীতের ভ্রমণে একটি ভালো মানের ভারী জ্যাকেট বেশ কাজে আসে। সম্ভব হলে ওয়াটারপ্রুফ জ্যাকেট বেছে নিন। বৃষ্টি, কুয়াশা কিংবা ঠান্ডা বাতাস থেকে এটি শরীরকে সুরক্ষা দিতে সাহায্য করবে। জ্যাকেটটি এমন হওয়া ভালো, যা অন্য পোশাকের ওপর সহজেই পরা যায়।
৩. বিমানে ভ্রমণ করলে লাগেজের ওজনের দিকে খেয়াল রাখুন
বিমানে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত ওজনের বেশি লাগেজ হলে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। তাই অপ্রয়োজনীয় পোশাক ও জিনিসপত্র নেওয়া থেকে বিরত থাকুন। ভারী জ্যাকেটটি ব্যাগে না রেখে বিমানবন্দরে যাওয়ার সময় গায়ে পরে নিতে পারেন। এতে লাগেজের ওজন কিছুটা কমানো সম্ভব হবে।
৪. ছোট ছোট পাউচে সাজিয়ে রাখুন প্রয়োজনীয় জিনিস
ব্যাগের ভেতরে সব জিনিস এলোমেলোভাবে না রেখে আলাদা আলাদা পাউচ ব্যবহার করুন। প্রসাধনী, চার্জার, ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য ছোটখাটো জিনিস আলাদা ব্যাগে রাখলে প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাওয়া যাবে। এতে ব্যাগ গোছানোও থাকবে।
৫. আরামদায়ক ও ওয়াটারপ্রুফ জুতা নিন
ভ্রমণে হাঁটাহাঁটি করতে হয় অনেক বেশি। তাই জুতা নির্বাচনের ক্ষেত্রে ফ্যাশনের পাশাপাশি আরামকে গুরুত্ব দিন। এমন জুতা সঙ্গে রাখুন, যা দীর্ঘ সময় হাঁটার উপযোগী এবং সহজে পানি প্রবেশ করতে পারে না। বিশেষ করে পাহাড়ি এলাকা বা ঠান্ডা অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে এ ধরনের জুতা বেশ উপকারী।
৬. ছোটখাটো শীতের অনুষঙ্গ নিতে ভুলবেন না
শুধু সোয়েটার বা জ্যাকেট নিলেই শীতের প্রস্তুতি সম্পূর্ণ হয় না। সঙ্গে রাখুন প্রয়োজন অনুযায়ী স্কার্ফ, গ্লাভস, মোজা ও সানগ্লাস। এসব জিনিস ঠান্ডা আবহাওয়ায় স্বস্তি দেবে। বিশেষ করে ভোর ও রাতের দিকে বাইরে বের হলে এগুলো বেশ কাজে আসবে।
৭. ত্বকের যত্নের প্রয়োজনীয় সামগ্রী রাখুন
শীতের আবহাওয়ায় ত্বক ও ঠোঁট সহজেই শুষ্ক হয়ে যেতে পারে। তাই ভ্রমণের ব্যাগে ময়েশ্চারাইজার, লিপ বাম ও বডি লোশন রাখতে ভুলবেন না। পাশাপাশি সানস্ক্রিনও সঙ্গে রাখুন। কারণ শীতকালেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে এসব সামগ্রী কাজে আসবে।
৮. হালকা ও সহজে বহনযোগ্য স্যুটকেস বেছে নিন
শীতের ভ্রমণে গরম পোশাকের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় জিনিসও নিতে হয়। ফলে অল্প সময়ের ভ্রমণেও ব্যাগের ওজন বেড়ে যেতে পারে। এ সমস্যা এড়াতে হালকা ওজনের স্যুটকেস বা ট্রাভেল ব্যাগ ব্যবহার করুন। এতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার পরও ব্যাগ বহন করা সহজ হবে।
সবশেষে
শীতের ভ্রমণ আনন্দময় করতে ব্যাগে প্রয়োজনীয় সবকিছু নেওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়াও জরুরি। কোথায় যাচ্ছেন, কত দিন থাকবেন এবং সেখানকার আবহাওয়া কেমন—এসব বিবেচনা করে আগেই একটি তালিকা তৈরি করুন। পরিকল্পনা করে ব্যাগ গোছালে ভ্রমণের সময় অযথা ঝামেলা এড়ানো যাবে এবং নিশ্চিন্তে উপভোগ করা যাবে শীতের ছুটি।



