নিরাপত্তা শঙ্কায় ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ বিমানের রিয়াদ ফ্লাইট

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এসব রুটের ফ্লাইট পরিচালনায় নতুন কোনো পরিবর্তন আনা হয়নি।
এ অবস্থায় রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।



