অষ্টমবার বর্ষসেরা, মামা অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাস গড়ল বিটিএস

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস আবারও বিশ্বসংগীতের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ২০২৬ সালের মামা অ্যাওয়ার্ডসে (এমএনইটি এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস) অষ্টমবারের মতো বর্ষসেরা শিল্পীর পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছে দলটি। একই আয়োজনে বর্ষসেরা অ্যালবামের পুরস্কারও নিজেদের ঘরে তুলেছে তারা।
দুই দিনব্যাপী আয়োজন শেষে শুক্রবার (২১ নভেম্বর) জাপানের ওসাকার কিওসেরা ডোমে পর্দা নামে এবারের মামা অ্যাওয়ার্ডসের। অভিনেতা পার্ক বো-গামের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সংগীত, পরিবেশনা ও দর্শকদের ভোটে নির্বাচিত বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়। এবারের আসরে বিটিএসের পাশাপাশি বড় সাফল্য পেয়েছে হাইবের দুই গ্রুপ কর্টিস ও এনহাইপেন।
এবার বর্ষসেরা গানের পুরস্কার জিতেছে কর্টিসের ‘রেডরেড’। অন্যদিকে, বর্ষসেরা অ্যালবামের স্বীকৃতি পেয়েছে বিটিএসের ‘আরিরাং’। আর বর্ষসেরা ফ্যানস চয়েস নির্বাচিত হয়েছে এনহাইপেন।
বর্ষসেরা শিল্পীর পুরস্কার জয়ের মধ্য দিয়ে বিটিএসের মোট ডেসাং বা গ্র্যান্ড প্রাইজের সংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে। পুরস্কার পাওয়ার পর দলের সদস্য ভি বলেন, মামা অ্যাওয়ার্ডসে তাদের প্রথম গ্র্যান্ড প্রাইজ জয়ের ১০ বছর পূর্ণ হয়েছে। সে কারণে এবারের অর্জন তাদের কাছে আরও বিশেষ ও স্মরণীয়।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জে-হোপ বলেন, প্রতিটি পুরস্কার তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তবে ভক্ত আর্মিরা সেই দায়িত্ব সামলাতে এবং সামনে এগিয়ে যেতে শক্তি জোগান। তাদের কাছে ভক্তদের গুরুত্ব কতটা, সেটিও জানাতে চান তারা।
এনহাইপেনের জন্যও এবারের আয়োজন ছিল আবেগঘন। বর্ষসেরা ফ্যানস চয়েসের স্বীকৃতি পাওয়ার পর দলের সদস্য জংওন জানান, তারা পুরস্কারটি পাবেন বলে ভাবেননি। অন্য সদস্য সুনু বলেন, বছরজুড়ে নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। সেসব বাধা পেরিয়ে বড় একটি পুরস্কার পাওয়ায় তিনি আবেগাপ্লুত।
এদিকে কর্টিস এবারের আয়োজনে মোট তিনটি পুরস্কার জিতেছে। বর্ষসেরা গানের স্বীকৃতি পাওয়ার পর দলটির সদস্যরা জানান, তাদের বর্তমান পথচলা সহজ ছিল না। তবে ভক্তদের ভালোবাসা ও উৎসাহ তাদের এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।
শিল্পী বিভাগে সেরা পুরুষ গ্রুপ হয়েছে বিটিএস এবং সেরা নারী গ্রুপের পুরস্কার পেয়েছে আইভি। সেরা নতুন শিল্পী নির্বাচিত হয়েছে আলফা ড্রাইভ ওয়ান ও টুইড। সেরা পুরুষ শিল্পী হয়েছেন টুমরো এক্স টুগেদারের ইয়োনজুন এবং সেরা নারী শিল্পী হয়েছেন আই-ডলের সোয়েওন।
এ ছাড়া সেরা নৃত্য পরিবেশনা, কণ্ঠসংগীত, মিউজিক ভিডিও, কোরিওগ্রাফি ও ব্যান্ড পরিবেশনাসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। সেরা একক পুরুষ নৃত্য পরিবেশনায় তেয়াং, একক নারী বিভাগে ইয়েনা, পুরুষ গ্রুপে কর্টিস এবং নারী গ্রুপে ইলিট পুরস্কার পেয়েছে। সেরা মিউজিক ভিডিও নির্বাচিত হয়েছে বিগ ব্যাংয়ের ‘বিআইআইআইজি’।
বিশেষ ও জনপ্রিয়তা বিভাগেও একাধিক শিল্পী ও দল পুরস্কৃত হয়েছে। এ ছাড়া দর্শকদের ভোটে নির্বাচিত ফ্যানস চয়েস বিভাগে বিটিএস, এনহাইপেন, বিগ ব্যাং, সেভেনটিন, স্ট্রে কিডস, টোয়াইস, বেবিমনস্টার, লে সেরাফিমসহ মোট ২০ জন শিল্পী ও দল পুরস্কার পেয়েছে।
সব মিলিয়ে এবারের মামা অ্যাওয়ার্ডসে বিটিএসের ঐতিহাসিক অর্জনের পাশাপাশি নতুন প্রজন্মের কে-পপ তারকাদের সাফল্যও আলোচনায় এসেছে।



