চাঁদের মাটিতে ‘আলু চাষ’ বিজ্ঞানীদের, মিলল নতুন সম্ভাবনা

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ এগোলেন বিজ্ঞানীরা। চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানে সফলভাবে আলু চাষ করেছেন গবেষকরা। তাদের মতে, ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদি বসতি গড়ে উঠলে সেখানকার বাসিন্দাদের খাদ্যের চাহিদা মেটাতে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় পরিচালিত এ গবেষণায় চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে তৈরি উপাদান ব্যবহার করা হয়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী এনপিজে মাইক্রোগ্র্যাভিটিতে।
গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদবিজ্ঞানী আয়মেরিক গোয়ের। তিনি জানান, আলু পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফসল। তুলনামূলক কম জায়গায় এটি থেকে প্রচুর ক্যালরি পাওয়া সম্ভব। পাশাপাশি আলুতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি ও প্রোটিন। এসব বৈশিষ্ট্যের কারণে মহাকাশে খাদ্য উৎপাদনের জন্য আলু বিশেষভাবে উপযোগী হতে পারে।
পরীক্ষায় গবেষকরা মডক জাতের আলু চাষ করেন। এ জন্য চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানের সঙ্গে কেঁচোর মাধ্যমে তৈরি জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে বিভিন্ন মাত্রায় পরীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, কোনো ধরনের জৈব সার ব্যবহার না করলে আলুর শিকড় ও কন্দ প্রায় তৈরি হয়নি। তবে মাটির সঙ্গে ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশালে কিছু শিকড় ও আলু উৎপন্ন হয়। অন্যদিকে, ৩০ শতাংশ জৈব সার মেশানো উপাদানে উৎপাদিত আলুর পরিমাণ পৃথিবীর সাধারণ মাটিতে চাষ করা আলুর সমান হয়েছে।
গবেষকদের মতে, চাঁদের মাটিতে নাইট্রোজেনের ঘাটতি এবং ভারী ধাতুর উপস্থিতি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও ফসল উৎপাদনে বড় বাধা। তবে জৈব পদার্থ মাটির গুণাগুণ উন্নত করে এসব সমস্যা অনেকটাই কমাতে পারে।
পরীক্ষায় উৎপাদিত আলুগুলো আকারে ছোট ছিল। তবে গবেষণার নেতৃত্বদানকারী গোয়ের জানিয়েছেন, অন্য একটি পরীক্ষায় বড় পাত্র ব্যবহার করে বাজারে পাওয়া আলুর মতো আকারের আলুও উৎপাদন করা সম্ভব হয়েছে। যদিও গবেষণাগারে উৎপাদিত আলু এখনো খেয়ে দেখেননি বিজ্ঞানীরা। ফলে সেগুলো মানুষের খাবার হিসেবে নিরাপদ কি না, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন।
এদিকে, চাঁদে দীর্ঘমেয়াদি কিংবা স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও চীন। নাসা ২০২৮ সালে এবং চীন ২০৩০ সালের আগে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘ সময় পৃথিবী থেকে খাদ্য সরবরাহ করা কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে চাঁদেই খাদ্য উৎপাদনের প্রযুক্তি মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
আলুর পাশাপাশি চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানে ছোলা চাষ নিয়েও গবেষণা করেছেন বিজ্ঞানীরা। এ ছাড়া টমেটো, লেটুস ও বিভিন্ন ডালজাতীয় ফসল উৎপাদনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
গবেষকদের আশা, এসব পরীক্ষার মাধ্যমে একসময় চাঁদে স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। শুধু মহাকাশেই নয়, পৃথিবীর অনুর্বর ও দূষিত মাটিতে কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও এ গবেষণার প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান



