২২ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩
স্বাস্থ্য

অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে দৈনন্দিন এই ৭ অভ্যাস

IMG_7950

খাবার খাওয়ার পর বুকে জ্বালাপোড়া, মুখে টক স্বাদ কিংবা পেটে অস্বস্তি—অ্যাসিডিটির এসব লক্ষণ অনেকের কাছেই পরিচিত। সাধারণত পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে এলে এমন সমস্যা দেখা দেয়। তবে প্রতিদিনের কিছু খাবার ও অভ্যাসের কারণে অ্যাসিডিটির সমস্যা আরও তীব্র হতে পারে।

বিশেষ করে যাদের নিয়মিত অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালাপোড়ার সমস্যা রয়েছে, তাদের খাবার গ্রহণের সময় ও ধরন সম্পর্কে সচেতন হওয়া জরুরি। এমন সাতটি অভ্যাস রয়েছে, যেগুলো অজান্তেই বাড়িয়ে দিতে পারে অ্যাসিডিটির সমস্যা।

১. দীর্ঘক্ষণ না খেয়ে একসঙ্গে বেশি খাবার খাওয়া

অনেকক্ষণ না খেয়ে থাকার পর একসঙ্গে অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস পাকস্থলীর ওপর চাপ সৃষ্টি করতে পারে। এতে অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি বাড়ে। তাই দীর্ঘ বিরতি না দিয়ে নিয়মিত অল্প পরিমাণে খাবার খাওয়া ভালো। পাশাপাশি ধীরে ধীরে খাবার চিবিয়ে খাওয়া এবং পেট পুরোপুরি ভরে যাওয়ার আগেই খাওয়া শেষ করা উচিত।

২. অতিরিক্ত ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার খাওয়া

সমুচা, পুরি, পাকোড়া কিংবা ডুবো তেলে ভাজা খাবার অনেকেরই পছন্দ। তবে এসব খাবারে চর্বির পরিমাণ বেশি থাকায় পাকস্থলী থেকে খাবার খালি হওয়ার প্রক্রিয়া ধীর হতে পারে। ফলে কারো কারো অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়।

Advertisements

এ ধরনের সমস্যা এড়াতে ভাজাপোড়ার পরিবর্তে গ্রিল করা, ভাপানো কিংবা হালকা রান্না করা খাবার বেছে নেওয়া যেতে পারে।

৩. বেশি ঝাল ও মসলাদার খাবার খাওয়া

অতিরিক্ত মরিচ, মসলা, ঝাল কারি কিংবা মসলাযুক্ত স্ন্যাকস অনেকের বুক জ্বালাপোড়ার কারণ হতে পারে। তবে সব মানুষের শরীরে মসলাদার খাবারের প্রভাব এক রকম নয়।

তাই কোন ধরনের খাবার খেলে আপনার অ্যাসিডিটির সমস্যা বাড়ে, তা খেয়াল করা জরুরি। সমস্যা তৈরি করলে খাবারে ঝাল ও কড়া মসলার পরিমাণ কমিয়ে আনুন।

৪. অতিরিক্ত মিষ্টি ও চকোলেট খাওয়া

কেক, চকোলেট, মিষ্টি কিংবা ভারী ডেজার্ট বেশি খাওয়ার কারণে অনেকের পেটে অস্বস্তি ও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ভারী খাবার খাওয়ার পরপরই এসব খাবার বেশি পরিমাণে খেলে সমস্যা বাড়তে পারে।

তাই একসঙ্গে বেশি মিষ্টি না খেয়ে পরিমাণ নিয়ন্ত্রণ করুন। পাশাপাশি মিষ্টি বা ভারী খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাস এড়িয়ে চলুন।

৫. অতিরিক্ত চা, কফি ও কোমল পানীয় পান করা

চা, কফি এবং কার্বোনেটেড বা গ্যাসযুক্ত পানীয় অনেকের অ্যাসিডিটির লক্ষণ বাড়িয়ে দিতে পারে। এসব পানীয়ের কারণে ঢেকুর, পেট ফাঁপা ও অস্বস্তিও হতে পারে। বিশেষ করে খালি পেটে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে কারো কারো সমস্যা বাড়ে।

এ ক্ষেত্রে নিয়মিত পানি পান করার পাশাপাশি চা, কফি ও কোমল পানীয়ের পরিমাণ কমিয়ে আনা ভালো। পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন না হলেও শরীরের প্রতিক্রিয়া বুঝে পরিমিত পান করা উচিত।

৬. গভীর রাতে খেয়েই ঘুমাতে যাওয়া

রাতের খাবার খাওয়ার পরপরই বিছানায় যাওয়ার অভ্যাস অ্যাসিডিটির অন্যতম কারণ হতে পারে। শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড ও খাবার খাদ্যনালীতে ফিরে আসার আশঙ্কা বাড়ে। বিশেষ করে রাতে ভারী খাবার খেলে এই সমস্যা বেশি হতে পারে।

তাই ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা ভালো। খাওয়ার পর কিছুক্ষণ সোজা হয়ে বসে থাকা কিংবা হালকা হাঁটাহাঁটি করা যেতে পারে। নিয়মিত রাতে অ্যাসিডিটির সমস্যা হলে বিছানার মাথার দিক কিছুটা উঁচু করে ঘুমানোও উপকারী হতে পারে।

৭. চিকিৎসার বদলে শুধু ঘরোয়া প্রতিকারের ওপর নির্ভর করা

অ্যাসিডিটি কমাতে অনেকেই লেবু পানি, ভিনেগার কিংবা পুদিনা পাতার পানীয় পান করেন। কিন্তু এসব ঘরোয়া পদ্ধতি সবার জন্য কার্যকর নয়। বরং লেবুর রস ও ভিনেগারের অম্লীয় উপাদান এবং পুদিনা কিছু মানুষের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

তাই ঘরোয়া প্রতিকারের ওপর নির্ভর না করে সমস্যার প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি। ঘনঘন অ্যাসিডিটির সমস্যা হলে কিংবা নিয়মিত অ্যান্টাসিড বা অন্য ওষুধের প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মনে রাখবেন, খাবারের ধরন, পরিমাণ ও সময়ের দিকে নজর রাখলে অনেক ক্ষেত্রে অ্যাসিডিটির অস্বস্তি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবহেলা না করে চিকিৎসা নেওয়াই সবচেয়ে ভালো।

Advertisements