২১ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

শাহরুখের সঙ্গে তুলনা, বাবাকে ‘সবার সেরা’ বললেন আরিয়ান

IMG_7914

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে হওয়ায় প্রায়ই বাবার সঙ্গে তুলনার মুখে পড়তে হয় আরিয়ান খানকে। তবে এমন তুলনাকে নেতিবাচকভাবে দেখেন না তিনি। বরং বলিউড বাদশাহর সঙ্গে তুলনাকে নিজের জন্য বড় প্রশংসা বলেই মনে করেন এই তরুণ নির্মাতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবাকে ‘সবার সেরা’ বলেও অভিহিত করেছেন তিনি।

সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা করে নিয়েছেন আরিয়ান খান। এ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে তুলনা এবং বাবার কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

আরিয়ান বলেন, ‘সবার সেরা মানুষের সঙ্গে তুলনা হওয়াকে আমি প্রশংসা হিসেবেই দেখি। তিনি সত্যিই অসাধারণ।’

শাহরুখের মতো দেখতে হলেও অভিনয়ের পথে হাঁটেননি আরিয়ান। বরং পরিচালনাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

সিরিজটিতে বাবা শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও বেশ উপভোগ করেছেন আরিয়ান। তার ভাষ্য, বাবাকে কাজ বুঝিয়ে দিতে খুব একটা বেগ পেতে হয়নি। কারণ ক্যামেরার সামনে কী করতে হবে, তা শাহরুখ নিজেই ভালো জানেন।

এর আগে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান জানিয়েছিলেন, তার বাবা কিছুই ভোলেন না। ফলে পরিচালকের দায়িত্ব পালন করতে গিয়ে বারবার তাকে নির্দেশনা দিতে হয়নি। মজা করে বাবার সঙ্গে কাজ করাকে ‘চিট কোড’ ব্যবহারের সঙ্গেও তুলনা করেছিলেন তিনি। তবে শাহরুখের একটি পরামর্শ ছিল, শটের সংখ্যা কমিয়ে আনা।

Advertisements

বাবার কাছ থেকে শেখার বিষয়েও বিভিন্ন সময়ে কথা বলেছেন আরিয়ান। ২০২৪ সালে ‘ল’অফিশিয়েল অ্যারাবিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখকে বুদ্ধিমান বিপণন কৌশলী এবং বিশ্ব ফ্যাশনের ট্রেন্ডসেটার হিসেবে উল্লেখ করেন তিনি। একই বছর জিকিউকে দেওয়া সাক্ষাৎকারে বাবার সঙ্গে কাজ করাকে আনন্দের পাশাপাশি শেখার দারুণ সুযোগ বলেও বর্ণনা করেন।

পরিচালক হিসেবে নিজের ভাবনা তুলে ধরে আরিয়ান জানান, কোনো গল্পের ধারণাকে বাস্তবে রূপ দিতে তিনি ভালোবাসেন। কাগজে গল্প লেখা থেকে শুরু করে সেটি পর্দায় ফুটিয়ে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়াই তার কাছে গুরুত্বপূর্ণ। তার মতে, একটি গল্পকে নতুনভাবে উপস্থাপন করা এবং তাতে ভিন্ন স্বাদ যোগ করাই চলচ্চিত্র নির্মাণের অন্যতম আকর্ষণ।

‘দ্য ব্যাডস অব বলিউড’ নির্মাণের সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও হাল ছাড়েননি আরিয়ান। সে সময় একটি কথা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছিলেন তিনি—‘হেরে যাওয়া আর হার মেনে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য।’

এদিকে আরিয়ানের পরবর্তী পরিচালনা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। অন্যদিকে তার বাবা শাহরুখ খানকে সামনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Advertisements