৭০ দেশের জনসংখ্যার চেয়েও বেশি মাহির সামাজিক যোগাযোগমাধ্যমের ফলোয়ার

ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় রয়েছেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটিক মিলিয়ে মাহির ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৮ লাখের বেশি। আশ্চর্যের বিষয়, এবারের মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০টি দেশ ও অঞ্চলের জনসংখ্যাও তাঁর মোট ফলোয়ারের চেয়ে কম।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা মাহি টেলিভিশন নাটকে অভিনয় করেও পরিচিতি পেয়েছেন। বর্তমানে তাঁর জনপ্রিয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। এবারের মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী। ২১ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সম্মিলিত ফলোয়ারের সংখ্যায় প্রতিযোগীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
২১ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, মাহির চারটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে মোট ফলোয়ার ১ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কিউবার প্রতিনিধি মিয়া ডিও। ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে তাঁর ফলোয়ার প্রায় ৬৪ লাখ। তৃতীয় অবস্থানে রয়েছেন স্পেনের প্রতিনিধি সুসানা লুসিয়া মেদিনা। তাঁর দুই প্ল্যাটফর্মে অনুসারীর সংখ্যা প্রায় ২৪ লাখ ৩৬ হাজার।
অর্থাৎ ফলোয়ারের সংখ্যায় মাহি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়েও অনেকটা এগিয়ে। এই জনপ্রিয়তা প্রতিযোগিতার প্রচারেও ভূমিকা রাখছে। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তাঁর ভিডিও ও যৌথ কনটেন্টও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে।
মাহিকে নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আগ্রহও চোখে পড়ার মতো। প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনের ফাঁকে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তিনি। অনেক ক্ষেত্রে সাংবাদিকেরা তাঁকে শুধু বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নয়, ‘সামিরা’ কিংবা ‘মাহি’ নামেও সম্বোধন করছেন। তাঁর ব্যক্তিত্ব, উপস্থাপনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই পরিচিত মুখ হওয়া এর পেছনে ভূমিকা রাখতে পারে।
তবে মাহির জনপ্রিয়তার সবচেয়ে চমকপ্রদ দিকটি উঠে এসেছে জনসংখ্যার সঙ্গে ফলোয়ারের তুলনায়। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪’ প্রতিবেদনে ২০২৬ সালের ১ জানুয়ারির জন্য দেওয়া জনসংখ্যার প্রক্ষেপণ অনুযায়ী, এবারের মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০টি দেশ ও অঞ্চলের জনসংখ্যা মাহির মোট ফলোয়ারের চেয়ে কম।
এই তালিকায় রয়েছে সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, গ্রিস ও পর্তুগালের মতো ইউরোপীয় দেশ। এ ছাড়া ক্যারিবীয় অঞ্চলের কিউবা, হাইতি, জ্যামাইকা ও পুয়ের্তো রিকোর মতো দেশ ও অঞ্চলও রয়েছে তালিকায়।
৭০টি দেশ ও অঞ্চলের মধ্যে আরও রয়েছে আলবেনিয়া, আর্মেনিয়া, আরুবা, বাহামা, বেলারুশ, বেলিজ, বোনেয়ার, বতসোয়ানা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, কেপ ভার্দে, কেম্যান আইল্যান্ডস, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, কুরাসাও, চেক প্রজাতন্ত্র, এল সালভাদর, ইকুয়েটোরিয়াল গিনি, এস্তোনিয়া, গুয়াদেলুপ, গায়ানা, হংকং, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইসরায়েল, জর্ডান, কসোভো, কিরগিজস্তান, লাটভিয়া, লেবানন, লিথুয়ানিয়া, ম্যাকাও, মাল্টা, মার্টিনিক, মায়োত, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, নামিবিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, রিইউনিয়ন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, সেন্ট মার্টিন, সার্বিয়া, সিয়েরা লিওন, স্লোভাকিয়া, সুরিনাম, ত্রিনিদাদ ও টোবাগো, টার্কস অ্যান্ড কেইকোস আইল্যান্ডস, ইউএস ভার্জিন আইল্যান্ডস, উরুগুয়ে, বলিভিয়া, ডমিনিকান রিপাবলিক, হন্ডুরাস ও তিউনিসিয়া।
তুলনাটিতে বিশেষভাবে উল্লেখযোগ্য আফ্রিকার দেশ রুয়ান্ডা। জাতিসংঘের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি দেশটির জনসংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৭ লাখ ৩২ হাজার। অন্যদিকে ২১ নভেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত মাহির মোট ফলোয়ার ছিল ১ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার। অর্থাৎ রুয়ান্ডার প্রক্ষেপিত জনসংখ্যার চেয়েও মাহির ফলোয়ার প্রায় ১ লাখ ৩ হাজার বেশি।
তবে এই তুলনার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ারের সংখ্যা মানেই স্বতন্ত্র মানুষের সংখ্যা নয়। একজন ব্যক্তি একই তারকার একাধিক অ্যাকাউন্ট অনুসরণ করতে পারেন। ফলে এটি মোট ফলোয়ারসংখ্যার সঙ্গে দেশগুলোর জনসংখ্যার তুলনা, স্বতন্ত্র অনুসারীর সংখ্যার সঙ্গে নয়।
তারপরও আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার ব্যাপ্তি যে কতটা বড়, এই পরিসংখ্যান তারই ইঙ্গিত দিচ্ছে।



