কাছের মানুষ থেকেও কেন দূরে সরে যায় মানুষ?

কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে সব সময় ঝগড়া কিংবা মনোমালিন্যের প্রয়োজন হয় না। কখনো সম্পর্ক ঠিক থাকলেও কমে যায় কথাবার্তা, হারিয়ে যায় মনের কথা ভাগ করে নেওয়ার আগ্রহ। একসময় যাকে ছাড়া দিন কাটানো কঠিন মনে হতো, ধীরে ধীরে তার সঙ্গেই তৈরি হয় অদৃশ্য দূরত্ব। কিন্তু কেন এমন হয়? মনোবিজ্ঞানের মতে, এর পেছনে থাকতে পারে নানা ধরনের মানসিক ভয়, অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত কিছু সংকট।
যুক্তরাষ্ট্রভিত্তিক মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত দুটি নিবন্ধে মানুষের আবেগগত দূরত্ব তৈরি এবং ঘনিষ্ঠতা এড়িয়ে চলার বিভিন্ন কারণ তুলে ধরা হয়েছে। ‘হোয়াই সাম পিপল বিকাম ইমোশনালি ডিস্ট্যান্ট’ শীর্ষক নিবন্ধে মার্ক বি. বর্গ জুনিয়র, গ্রান্ট এইচ. ব্রেনার ও ড্যানিয়েল বেরি বিষয়টি ব্যাখ্যা করেছেন। অন্যদিকে, ‘থ্রি রিজনস হোয়াই সামওয়ান মাইট অ্যাভয়েড ইন্টিমেসি’ নিবন্ধে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট লিসা ফায়ারস্টোন ঘনিষ্ঠতা এড়িয়ে চলার মনস্তাত্ত্বিক দিক তুলে ধরেছেন।
তাদের আলোচনার ভিত্তিতে কাছের মানুষদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার ১০টি কারণ জেনে নেওয়া যাক।
১. নিজেকে যথেষ্ট ভালো মনে না করা
অনেকেই নিজের দুর্বলতা কিংবা প্রকৃত অনুভূতি কাছের মানুষের সামনে প্রকাশ করতে ভয় পান। তাদের মনে হয়, মনের ভেতরের সব কথা জানলে অন্যরা হয়তো তাকে কম যোগ্য বা কম আকর্ষণীয় ভাববেন। এই নেতিবাচক আত্মধারণা থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন তারা। ফলে সম্পর্ক থাকলেও আবেগগত ঘনিষ্ঠতা তৈরি হয় না।
২. প্রত্যাখ্যাত হওয়ার ভয়
কাউকে যত বেশি আপন মনে হয়, তার কাছ থেকে কষ্ট পাওয়ার আশঙ্কাও তত বেশি কাজ করতে পারে। প্রিয় মানুষটি অবহেলা করবেন কিংবা নিজের দুর্বলতা প্রকাশের পর প্রত্যাখ্যান করবেন—এমন ভয় অনেককে ঘনিষ্ঠতা থেকে পিছিয়ে দেয়। তারা সম্পর্ক রাখতে চাইলেও মনের কথা বলতে চান না, এমনকি প্রয়োজনের সময় সাহায্য চাইতেও সংকোচ বোধ করেন।
৩. অতীতের তিক্ত অভিজ্ঞতা
আগের কোনো সম্পর্কের বিশ্বাসভঙ্গ, বিচ্ছেদ কিংবা শৈশবের নেতিবাচক অভিজ্ঞতা পরবর্তী জীবনের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। নতুন কেউ আন্তরিকতা দেখালেও অতীতের কষ্ট সহজে ভুলতে পারেন না অনেকে। ফলে আবারও আঘাত পাওয়ার আশঙ্কায় নতুন সম্পর্কেও পুরোপুরি নিজেকে মেলে ধরতে চান না।
৪. ঘনিষ্ঠতায় নিজেকে দুর্বল মনে করা
ঘনিষ্ঠ সম্পর্কের জন্য নিজের অনুভূতি প্রকাশ, অন্যের ওপর আস্থা রাখা এবং দুর্বলতা স্বীকার করা প্রয়োজন। কিন্তু কেউ কেউ এসব বিষয়কে দুর্বলতা হিসেবে দেখেন। তাদের মনে হয়, বেশি আবেগ প্রকাশ করলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাবেন। তাই সম্পর্ক গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তারা দূরত্ব বজায় রাখতে শুরু করেন।
৫. ভালোবাসার সঙ্গে কষ্ট পাওয়ার ভয় জড়িয়ে থাকা
কাউকে গভীরভাবে ভালোবাসলে তাকে হারানোর ভয়ও তৈরি হতে পারে। সম্পর্ক যত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিচ্ছেদ কিংবা হারানোর আশঙ্কা তত বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই সম্ভাব্য কষ্ট থেকে নিজেকে রক্ষা করতে কেউ কেউ আগেভাগেই আবেগগত দূরত্ব তৈরি করেন। অর্থাৎ, ভালোবাসার অভাব নয়, কখনো অতিরিক্ত হারানোর ভয়ও মানুষকে দূরে সরিয়ে দেয়।
৬. অতিরিক্ত ব্যস্ততার আড়ালে থাকা
কাজ, সংসার, সন্তান কিংবা ব্যক্তিগত দায়িত্বের কারণে ব্যস্ত থাকা স্বাভাবিক। তবে কখনো কখনো মানুষ ইচ্ছাকৃতভাবেও নিজেকে ব্যস্ত রাখেন, যাতে কাছের মানুষের সঙ্গে আবেগগত ঘনিষ্ঠতা এড়িয়ে চলতে পারেন। কাজের অজুহাতে একসঙ্গে সময় কাটানো, কথা বলা কিংবা মনের ভাব প্রকাশের সুযোগ কমিয়ে দেন তারা। বাইরে থেকে বিষয়টি সাধারণ ব্যস্ততা মনে হলেও এর পেছনে থাকতে পারে সম্পর্ক থেকে দূরে থাকার প্রবণতা।
৭. নিজের পরিচয় ও স্বাধীনতা হারানোর আশঙ্কা
সম্পর্ক গভীর হলে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত, পরিকল্পনা ও জীবনযাপনে পারস্পরিক সমন্বয়ের প্রয়োজন হয়। কিন্তু কেউ কেউ মনে করেন, ঘনিষ্ঠ সম্পর্ক তাদের ব্যক্তিগত স্বাধীনতা কিংবা নিজস্ব পরিচয়ের ওপর প্রভাব ফেলছে। নিজের পছন্দ ও স্বতন্ত্র অবস্থান হারানোর আশঙ্কা থেকে তারা সম্পর্কের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে চান।
৮. নিজের প্রতি নেতিবাচক ধারণা
অনেকের মধ্যে নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা কাজ করে। তারা মনে করেন, অন্যরা তাদের প্রকৃত রূপ জানলে হয়তো আর গ্রহণ করবেন না। ফলে কেউ আন্তরিকভাবে কাছে আসতে চাইলেও সহজে বিশ্বাস করতে পারেন না। এমনকি অন্যের ভালোবাসা ও যত্নকেও সন্দেহের চোখে দেখেন। নিজের প্রতি এই সমালোচনামূলক মনোভাব ধীরে ধীরে সম্পর্কের ঘনিষ্ঠতা নষ্ট করতে পারে।
৯. সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়া
সব সময় ভয় কিংবা অতীতের কষ্টের কারণে মানুষ দূরে সরে যান না। কখনো সম্পর্কের প্রতি আগের আগ্রহ কমে যাওয়া, একঘেয়েমি কিংবা আকর্ষণ হারিয়ে ফেলার কারণেও এমনটা হতে পারে। একসময় যে মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগত, তার সঙ্গেই সময় কাটানো বিরক্তিকর মনে হতে পারে। ফলে যোগাযোগ কমে যায় এবং সম্পর্কের প্রতি মনোযোগও হারিয়ে যায়।
১০. অতিরিক্ত খুঁত ধরা ও সমালোচনা করা
কাছের মানুষের ছোটখাটো ভুল কিংবা সীমাবদ্ধতা থাকতেই পারে। কিন্তু কেউ যদি নিয়মিত অন্যের ভুল খুঁজতে থাকেন, প্রতিটি বিষয়ে সমালোচনা করেন কিংবা সামান্য বিষয়েও বিরক্তি প্রকাশ করেন, তাহলে সম্পর্কের স্বাভাবিক ঘনিষ্ঠতা বাধাগ্রস্ত হয়। কখনো এই আচরণ সম্পর্কের প্রতি অসন্তুষ্টির প্রকাশ, আবার কখনো নিজের আবেগগত দূরত্ব বজায় রাখার একটি উপায় হয়ে উঠতে পারে।
দূরত্ব তৈরি হলে কী করবেন?
কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হলে প্রথমেই তাকে উদাসীন কিংবা স্বার্থপর বলে দোষারোপ করা ঠিক নয়। কারণ, বাইরে থেকে একই রকম মনে হলেও প্রত্যেকের দূরে সরে যাওয়ার কারণ আলাদা হতে পারে। কারও মধ্যে প্রত্যাখ্যাত হওয়ার ভয় কাজ করে, কেউ অতীতের কষ্ট কাটিয়ে উঠতে পারেন না, আবার কেউ নিজের স্বাধীনতা হারানোর আশঙ্কায় ঘনিষ্ঠতা এড়িয়ে চলেন।
এ ক্ষেত্রে নিজের অনুভূতি ও চাহিদা সম্পর্কে সচেতন হওয়া জরুরি। পাশাপাশি কাছের মানুষের সঙ্গে খোলামেলা কথা বলা, একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা এবং একসঙ্গে অর্থবহ সময় কাটানোর চেষ্টা সম্পর্কের দূরত্ব কমাতে সহায়ক হতে পারে। প্রয়োজন হলে মনোবিশেষজ্ঞের সহায়তাও নেওয়া যেতে পারে।
মনে রাখতে হবে, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়া মানেই ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো না বলা কষ্ট, অজানা ভয় কিংবা ভুল বোঝাবুঝিই মানুষকে কাছের মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও আন্তরিক যোগাযোগ।
সূত্র: সাইকোলজি টুডে



