শীতের খাবারে কোন রুটি বেশি উপকারী—গম, ভুট্টা নাকি অন্য কিছু?

শীত এলেই খাবারের তালিকায় রুটির চাহিদা বেড়ে যায়। তবে প্রতিদিন একই ধরনের গমের আটার রুটি খেতে অনেকেরই একঘেয়েমি লাগে। স্বাদে পরিবর্তন আনতে চাইলে শীতের খাবারে রাখতে পারেন ভুট্টা, জোয়ার কিংবা রাগির আটার রুটি। প্রতিটি আটার রয়েছে আলাদা পুষ্টিগুণ ও স্বাদ।
তবে কোন আটার রুটি খাবেন, তা নির্ভর করে আপনার পছন্দ, খাদ্যাভ্যাস ও পুষ্টির চাহিদার ওপর। চলুন জেনে নেওয়া যাক, বিভিন্ন ধরনের আটার বৈশিষ্ট্য।
গমের আটার রুটি
আমাদের দেশের বেশির ভাগ পরিবারেই নিয়মিত গমের আটার রুটি খাওয়া হয়। এতে গ্লুটেন থাকায় আটা সহজে মাখা যায় এবং রুটি তৈরি করাও বেশ সুবিধাজনক। গমের আটা দিয়ে নরম রুটি থেকে শুরু করে পরোটাও তৈরি করা যায়। যারা সহজে তৈরি করা যায় এমন নরম রুটি পছন্দ করেন, তাদের জন্য এটি ভালো বিকল্প।
ভুট্টার আটার রুটি
শীতকালে ভুট্টার আটার রুটির প্রতি অনেকেরই আলাদা আকর্ষণ থাকে। এর স্বাদ গমের রুটির চেয়ে কিছুটা ভিন্ন। ভুট্টার আটায় গ্লুটেন না থাকায় এটি গমের আটার মতো সহজে বাঁধা তৈরি করে না। ফলে রুটি বেলা কিছুটা কঠিন হতে পারে। এ কারণে অনেকে বেলুনের পরিবর্তে হাতের তালু দিয়ে চাপ দিয়ে রুটি তৈরি করেন। শাকসবজি, মাখন কিংবা গুড়ের সঙ্গে ভুট্টার রুটি খেতে বেশ ভালো লাগে।
জোয়ারের আটার রুটি
খাবারে নতুনত্ব আনতে জোয়ারের আটার রুটিও রাখতে পারেন। এতে প্রচুর খাদ্য আঁশ রয়েছে এবং এটি প্রাকৃতিকভাবেই গ্লুটেনমুক্ত। তবে গমের আটার মতো আঠালো না হওয়ায় রুটি তৈরি করতে একটু কৌশল প্রয়োজন। আটা মাখার সময় হালকা গরম পানি ব্যবহার করলে রুটি তৈরি করা সহজ হয়।
রাগির আটার রুটি
পুষ্টিগুণের দিক থেকেও রাগির আটা বেশ সমৃদ্ধ। এতে ক্যালসিয়াম, আয়রন ও খাদ্য আঁশ রয়েছে। এটি গ্লুটেনমুক্ত হওয়ায় গমের আটার বিকল্প হিসেবেও খাওয়া যায়। তবে এর স্বাদ ও গঠন কিছুটা আলাদা। রুটি তৈরির সময় হালকা গরম পানি দিয়ে আটা মাখলে সুবিধা হয়। টকদই ও শাকসবজির সঙ্গে রাগির রুটি খেতে পারেন।
তাহলে কোনটি বেছে নেবেন?
গমের আটার রুটি নরম ও সহজে তৈরি করা যায়। অন্যদিকে ভুট্টা, জোয়ার ও রাগির রুটি খাবারে স্বাদের পাশাপাশি পুষ্টির বৈচিত্র্য যোগ করে। তাই শুধু একটি ধরনের আটার ওপর নির্ভর না করে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের রুটি খাদ্যতালিকায় রাখতে পারেন। তবে কোনো বিশেষ স্বাস্থ্যগত সমস্যা বা খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ থাকলে খাবার বেছে নেওয়ার আগে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।



