২১ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

শিশুর রিলস দেখা কমাতে বদলে ফেলুন ফোনের এই ৫ সেটিংস

শিশুর রিলস দেখা কমাতে বদলে ফেলুন ফোনের এই ৫ সেটিংস

খাওয়ার সময়, ঘুমানোর আগে কিংবা কান্না থামাতে শিশুর হাতে স্মার্টফোন তুলে দেন অনেক অভিভাবক। শুরুতে সাময়িক শান্ত রাখার উপায় মনে হলেও ধীরে ধীরে তা ঘণ্টার পর ঘণ্টা রিল বা শর্ট ভিডিও দেখার অভ্যাসে পরিণত হতে পারে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে শিশুর ঘুম, খাওয়াদাওয়া, পড়াশোনা ও মনোযোগে প্রভাব পড়তে পারে। কেউ কেউ খিটখিটে হয়ে পড়ে, আবার অন্য কাজে আগ্রহও হারিয়ে ফেলে।

শর্ট ভিডিওর অ্যালগরিদম এমনভাবে তৈরি যে একটার পর একটা কনটেন্ট দেখতে মানুষ আগ্রহী হয়, আর শিশুদের মস্তিষ্ক দ্রুত এতে আকৃষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বকাঝকা করলে জেদ আরও বাড়ে; বরং কিছু কারিগরি সেটিংস বদলানো এবং ধাপে ধাপে অভ্যাস পরিবর্তনের দিকে নজর দেওয়া জরুরি।

ইউটিউব ও ফোনের প্রয়োজনীয় সেটিংস

ইউটিউব কিডস ব্যবহার করুন: সাধারণ ইউটিউবের বদলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘ইউটিউব কিডস’ ইনস্টল করুন। এখানে বয়স অনুযায়ী কনটেন্ট ফিল্টার করা যায় এবং প্রয়োজনে সার্চ অপশন বন্ধ রাখা যায়।

অটো-প্লে বন্ধ করুন: ইউটিউব অ্যাপে গিয়ে সেটিংস থেকে অটো-প্লে অপশনটি বন্ধ করে দিন। একটি ভিডিও শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পরের ভিডিও চালু হওয়া বন্ধ থাকলে রিলের ধারাবাহিকতা কমে।

রেসট্রিকটেড মোড চালু করুন: ইউটিউব অ্যাপের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে রেসট্রিকটেড মোড চালু করুন। এতে অনুপযুক্ত বা সহিংস কনটেন্ট অনেকটাই আটকানো যায়।

Advertisements

স্ক্রিন টাইম নির্ধারণ করুন: অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিইং ও পেরেন্টাল কন্ট্রোলে গিয়ে ইউটিউবের জন্য দিনে ৩০ মিনিট বা ১ ঘণ্টা সময়সীমা বেঁধে দিন। নির্ধারিত সময় শেষ হলে অ্যাপটি নিজেই লক হয়ে যাবে।

আইফোনে স্ক্রিন টাইম থেকে অ্যাপ লিমিট ব্যবহার করে একইভাবে সময় নির্ধারণ করা যায়।

শর্টস ফিড লিমিট সেট করুন: ইউটিউব আপডেট করে সেটিংস থেকে টাইম ম্যানেজমেন্টে গিয়ে শর্টস ফিড লিমিটে শূন্য নির্ধারণ করলে একটি রিল দেখার পর অন্য রিলে যাওয়া সীমিত হয়।

এ ছাড়া ‘গুগল ফ্যামিলি লিঙ্ক’ অ্যাপ ব্যবহার করলে অভিভাবকেরা দূর থেকেও শিশু কী দেখছে এবং কতক্ষণ দেখছে, সে বিষয়ে নজর রাখতে পারেন।

অভ্যাস বদলাবেন কীভাবে

হঠাৎ ফোন কেড়ে নেবেন না: প্রতিদিন তিন ঘণ্টা ফোন দেখা শিশুকে পরদিন থেকেই একেবারে দেখতে না দিলে কান্না ও জেদ আরও বাড়তে পারে। প্রথমে দেখার সময় অর্ধেকে নামিয়ে আনুন, এরপর প্রতিদিন ১০ মিনিট করে কমান।

বিকল্প কার্যক্রমে যুক্ত করুন: শুধু ‘না’ বললে চলবে না, ‘না’-এর পাশাপাশি বিকল্পও দিতে হবে। ছবি আঁকা, গল্পের বই পড়া, লেগো বা বুদ্ধি খাটানোর খেলনা, মাটি দিয়ে খেলা, পার্কে যাওয়া কিংবা রান্নাঘরে বাবা-মাকে টুকিটাকি কাজে সাহায্য করার সুযোগ দিলে শিশুর অভ্যাস বদলাতে সহজ হয়।

খাওয়া ও ঘুমে ‘নো-স্ক্রিন’ নিয়ম: খাওয়া ও ঘুমানোর সময় ঘরে কারও হাতেই ফোন থাকবে না—বড়দের হাতেও নয়। বড়দের দেখেই শিশুরা শেখে; অভিভাবকেরা ফোন ব্যবহার করলে শিশুরাও তা চাইবে।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন

ফোন না পেলে অতিরিক্ত রাগ, নিজেকে আঘাত করার প্রবণতা, ঘুম পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া, কথা বলা কমে যাওয়া বা চোখের কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে শিশু মনোবিদ কিংবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

শিশু রিলের নেশায় আসক্ত হয়ে পড়লেই অভিভাবকেরা খারাপ—বিষয়টি এমন নয়। বর্তমান সময়ে প্রায় সব পরিবারেই এ ধরনের চ্যালেঞ্জ দেখা যায়। প্রয়োজন শুধু ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং শিশুর জন্য যথেষ্ট সময় দেওয়া।

মনে রাখা জরুরি, শিশুর হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার হাতে নিজের সময় তুলে দেওয়া।

Advertisements