বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে

দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এবার বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ ডলার ৩৮ সেন্টে পৌঁছেছিল। তবে সেই রেকর্ড উচ্চতা থেকে নেমে এসে এখন স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে যায়। গত সেপ্টেম্বরের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম। বছরের সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে মূল্যবান এই ধাতুর দাম প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।
বিশ্ববাজারের এই দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশের স্বর্ণের বাজারেও। চলতি মাসে শুক্রবার পর্যন্ত আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুধু শুক্রবারই দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। গত ১৩ মাসের মধ্যে এটি সর্বনিম্ন দাম।
দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বর্ণের গয়না কেনার আগ্রহ বাড়ছে। তবে আগের চড়া দামে স্বর্ণ কিনে রাখা ক্রেতা ও বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি—এই তিনটি বিষয় স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগে ঝুঁকি কমানোর ক্ষেত্রে স্বর্ণের গুরুত্ব এখনো রয়েছে বলে মনে করছেন তাঁরা।
বিশ্ববাজারে দাম কমার কারণ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের পেছনে কয়েকটি কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। সাধারণত স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে বন্ডের সুদের হার বেড়ে গেলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের তুলনায় বন্ড বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। এ আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে ডলারের প্রতি আগ্রহ বাড়ছে। অন্যদিকে ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের চাহিদা কমছে।
ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ডলারের শক্তিশালী অবস্থান, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা স্বর্ণ ও রুপার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দিচ্ছে। এর প্রভাব পড়ছে এই দুই মূল্যবান ধাতুর দামে।
লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান সুকি কুপারের মতে, স্বর্ণ কখনো পণ্যের মতো, আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বাজারের পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে এর ভূমিকা বদলে যায়। বর্তমানে স্বর্ণের মুদ্রার মতো আচরণ করার প্রবণতা এর দাম কমার অন্যতম কারণ।
ডলারের শক্তি ও সুদের হারের প্রভাব
সুকি কুপার বলেন, ২০২৬ সালে ডলারের দুর্বল অবস্থান, বন্ডের সুদের হার কমে যাওয়া এবং বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগ—এই বিষয়গুলো স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাতে সহায়তা করেছিল। এ সময় যেসব বিনিয়োগকারীর পোর্টফোলিওতে স্বর্ণের পরিমাণ কম ছিল, তাঁরাও নতুন করে স্বর্ণ কেনা শুরু করেন।
যুক্তরাষ্ট্রের উইনস্টন-সালেমভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফাইন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের পরামর্শক ইভান মিলসের মতে, কম সুদের হার, ভবিষ্যতে সুদের হার আরও কমার সম্ভাবনা এবং ডলারের দুর্বল অবস্থান—সব মিলিয়ে তখন স্বর্ণের বাজার বিনিয়োগের জন্য অনুকূল হয়ে উঠেছিল।
তিনি বলেন, স্বর্ণসহ অন্যান্য পণ্যে বিনিয়োগের জন্য সেই সময়টি বেশ সুবিধাজনক ছিল। সুদের হার কম থাকায় বিনিয়োগকারীরা তুলনামূলক ভালো মুনাফার সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে নগদ অর্থ হাতে রাখলে তেমন কোনো আয় পাওয়া যাচ্ছিল না। তাই অর্থের ক্রয়ক্ষমতা ধরে রাখতে অনেকেই বিকল্প বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নিয়েছিলেন।



