দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

দীর্ঘদিন ধরে মঞ্চ ও জনসমাগম থেকে দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। শ্রবণশক্তি হারানোর কারণে ২০২৪ সালে সংগীতজগৎ থেকে অনেকটা নিজেকে গুটিয়ে নেন তিনি। তবে এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন এই গায়িকা। দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে গান গাইতে দেখা যেতে পারে তাকে।
চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘কেয়া জামানা থা’ নামের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অলকা ইয়াগনিককে আমন্ত্রণ জানিয়েছেন সুভাষ ঘাই। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ে বসবে এই আয়োজন।

জানা গেছে, অলকাকে আমন্ত্রণ জানাতে সুভাষ ঘাই নিজেই তার বাড়িতে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে দেখা যায়, হাসিমুখে অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করছেন অলকা। তার সম্মতির খবর ছড়িয়ে পড়তেই সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
নব্বইয়ের দশক থেকে বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক। তবে ২০২৪ সালে এক বিরল স্নায়বিক সমস্যার কারণে শ্রবণশক্তি হারানোর কথা জানান তিনি। চিকিৎসাবিজ্ঞানে এই সমস্যার নাম ‘সেন্সরিনিউরাল হিয়ারিং লস’। ভাইরাসজনিত সংক্রমণের পর তার এই সমস্যা দেখা দেয়। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন।
এরপর থেকে শারীরিক অবস্থার কারণে তাকে খুব একটা জনসমক্ষে দেখা যায়নি। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মাননা গ্রহণ করেন এই সংগীতশিল্পী। সম্মাননা পাওয়ার পর নিজের শারীরিক অবস্থা ও কঠিন সময়ের কথা তুলে ধরেন তিনি।
অলকা জানান, গত দুই বছর ধরে ইচ্ছা করেই প্রচারের আলো ও জনসমাগম থেকে দূরে রয়েছেন। স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এ সময়ে ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘ বিরতির পর সুভাষ ঘাইয়ের অনুষ্ঠানে অলকার অংশ নেওয়ার খবরে আশাবাদী তাঁর ভক্তরা। আবারও প্রিয় শিল্পীকে মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।



