১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিবিধ

বোন চেয়েছিল বিটিএস থিমের পার্টি, ভাই সাজালেন কিম জং উনের ছবিতে!

বোন চেয়েছিল বিটিএস থিমের পার্টি, ভাই সাজালেন কিম জং উনের ছবিতে!

জন্মদিনে প্রিয় ব্যান্ডের ছবি দিয়ে ঘর সাজানো হবে, কেকেও থাকবে পছন্দের তারকাদের ছবি—এমনটাই হয়তো ভেবেছিল ইমানুয়েলা। ব্রাজিলের ১২ বছর বয়সী ইমানুয়েলা জন্মদিনে চেয়েছিল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের থিমে সাজানো একটি অনুষ্ঠান। তার ইচ্ছা ছিল, চারপাশে থাকবে প্রিয় সংগীতশিল্পীদের ছবি ও পোস্টার। কিন্তু তাকে চমকে দিতে বড় ভাই ভিতর ডি সুজা বেছে নেন এক অদ্ভুত কৌশল।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতধারা কে-পপের (K-pop) ভক্ত ইমানুয়েলা। কিন্তু তার জন্মদিনের আয়োজনের দায়িত্ব পড়েছিল বড় ভাইয়ের হাতে। আর কে-পপ সম্পর্কে বিশেষ কিছু না জানায় বোনের জন্য এমন এক আয়োজন করলেন, যা দেখে হাসি থামানো কঠিন!

বড় ভাই ভিতর দে সুজার কে-পপ ব্যান্ড সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। তাই দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পীদের বদলে তিনি বেছে নিলেন নিজের পরিচিত সবচেয়ে বিখ্যাত কোরিয়ান ব্যক্তিকে। তিনি আর কেউ নন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

এরপর জন্মদিনের ঘরজুড়ে লাগানো হলো কিম জং উনের ছবি। এমনকি জন্মদিনের কেকেও জায়গা পেলেন উত্তর কোরিয়ার এই নেতা। বোনের জন্য কে-পপের বদলে কিম জং উনকে নিয়ে এমন আয়োজন করে বেশ মজা পান ভিতর।

জন্মদিনের সাজসজ্জার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে ভিতর লেখেন, ‘আজ আমার বোনের জন্মদিন। সে কে-পপের ভক্ত। সাজসজ্জার দায়িত্ব ছিল আমার ওপর। কিন্তু কে-পপের কোনো ব্যান্ডকে না চেনায় আমার পরিচিত সবচেয়ে বিখ্যাত কোরিয়ান ব্যক্তিকে দিয়েই সাজিয়েছি। সে খুব পছন্দ করেছে।’

ভাইয়ের এই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। পোস্টটি প্রকাশের পর ৩৮ হাজারের বেশি মানুষ এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisements

ছবিতে দেখা যায়, বড় ভাই ভিতরের মুখে দুষ্টুমিভরা তৃপ্তির হাসি। অন্যদিকে বোন ইমানুয়েলার মুখে কিছুটা হতাশার ছাপ। তবে শেষ পর্যন্ত ভাইয়ের এই মজার কাণ্ডে জন্মদিনটি যে স্মরণীয় হয়ে থাকবে, তা বলাই যায়।

মজার বিষয় হলো, কে-পপের জন্ম ও বিকাশ দক্ষিণ কোরিয়ায় হলেও উত্তর কোরিয়ায় এই সংগীতধারার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে কে-পপপ্রেমী বোনের জন্মদিনে কিম জং উনের ছবি দিয়ে সাজানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি হাস্যরসের জন্ম দিয়েছে। তবে মন খারাপ করার কিছু নেই, ইমানুয়েলা শেষ পর্যন্ত নিজের পছন্দের কে-পপ থিমের জন্মদিনের আয়োজনও পেয়েছিল।

Advertisements