২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিবিধ

বিশ্ব শিশু দিবস আজ: শিক্ষাপ্রতিষ্ঠানের কঠোরতায় ঝুঁকিতে শিশুদের শিক্ষাজীবন

OIP (6)

আজ ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ‘মাই ডে, মাই রাইট, মাই ফিউচার’—অর্থাৎ ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। তবে শিশুদের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে সচেতনতার এই দিনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রতি কঠোর আচরণ এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করার নানা অভিযোগ সামনে এসেছে।

ভালো ফলাফল অর্জনের প্রতিযোগিতায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পাওয়ার লক্ষ্য পূরণে নির্বাচনি পরীক্ষায় কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ার ঘটনাও ঘটছে।

সংগৃহীত

সম্প্রতি নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। বিষয়টি যাচাই করে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সংশ্লিষ্টদের মতে, শুধু একটি প্রতিষ্ঠান নয়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানেও ভালো ফলাফলের চাপ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রয়েছে।

শুধু পরীক্ষায় অংশগ্রহণে বাধা নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিক্ষার্থীদের ছাড়পত্র বা টিসি দেওয়া, অপমান করা এবং মানসিকভাবে হয়রানি করার ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। এসব পরিস্থিতিতে অনেক শিশু পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে। কেউ কেউ মাঝপথেই শিক্ষাজীবন থেকে ছিটকে পড়ছে।

শিক্ষা-সংক্রান্ত অভিযোগের বড় সংখ্যা

সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শিক্ষা ও বিদ্যালয়-সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে ৬ হাজার ৭০১টি ফোনকল এসেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে পরীক্ষায় বসতে না দেওয়া, বিদ্যালয় থেকে টিসি প্রদান, শারীরিক শাস্তি, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ, পড়াশোনায় প্রতিবন্ধকতা, ফলাফল নিয়ে উদ্বেগ এবং ঝরে পড়ার মতো বিষয়।

Advertisements

হেল্পলাইনটির তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম দিকে রাজধানীর একটি নামকরা স্কুলের এক শিক্ষার্থী ফোন করে কান্নায় ভেঙে পড়ে। ওই প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী ছিল ১৫০ জন। কিন্তু তাদের মধ্যে মাত্র ৪০ জনকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। অন্য শিক্ষার্থীদের বিকল্প বিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এতে শিক্ষার্থী ও তাদের পরিবার চরম মানসিক চাপের মধ্যে পড়ে।

১০৯৮-এর ব্যবস্থাপক চৌ. মো. মোহায়মেন জানান, এ ধরনের অভিযোগ শুধু শহরাঞ্চল থেকে নয়, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের কাছ থেকেও আসছে। অনেক ক্ষেত্রে পুনরায় পরীক্ষার সুযোগ পেলে শিক্ষার্থীরা ভালো ফল করতে সক্ষম হয়। কিন্তু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের প্রভাব ব্যবহার করে শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করছে।

তার ভাষ্য, অনেক অভিভাবক একই প্রতিষ্ঠানে অন্য সন্তান পড়ার কারণে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করতেও ভয় পান। আবার নকল, বিদ্যালয়ের সময় বাইরে যাওয়া কিংবা বিভিন্ন নিয়ম ভঙ্গের অভিযোগে শিক্ষার্থীদের টিসি দেওয়ার ঘটনাও ঘটছে। কিছু মাদ্রাসায় অমানবিক শাস্তির কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ করে দেওয়ার নজির রয়েছে।

তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। তবে কোনো নিয়ম বা শাস্তির কারণে যেন একটি শিশুর ভবিষ্যৎ ও শিক্ষার অধিকার নষ্ট না হয়, সেটি নিশ্চিত করা জরুরি।

শিক্ষকদের আচরণেও বাড়ছে মানসিক চাপ

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর শিক্ষকদের আচরণের নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ১০৯৮-এর সাইকোসোশ্যাল কাউন্সেলর তরিউর রহমান। তার মতে, শিক্ষকদের বুলিং, অপমান এবং অসম্মানজনক আচরণ অনেক শিশুকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, শিক্ষাবর্ষের শেষ সময়ে কোনো শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলে তার ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হয়। পরিচিত বন্ধুদের ছেড়ে নতুন প্রতিষ্ঠানে যাওয়া এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এ সময় অভিভাবকেরাও সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন।

শাস্তি নয়, সংশোধনের সুযোগ দিতে হবে

সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল (বাংলাদেশ)-এর শিশু সুরক্ষা ও শিশু অধিকার সুশাসন বিভাগের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন ভঙ্গকারী শিশুকেও রাষ্ট্র সংশোধনের সুযোগ দিয়ে থাকে। তাহলে বিদ্যালয়ের কোনো নিয়ম অমান্য করার কারণে একজন শিক্ষার্থী কেন তার শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়বে?

তার মতে, শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠান থেকে বোর্ড পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা তাদের পাশাপাশি পরিবারের অধিকারও ক্ষুণ্ন করে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের একক ক্ষমতা প্রয়োগের পরিবর্তে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সম্পৃক্ত করা উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান মনে করেন, শিশুদের জন্য এখনো প্রকৃত অর্থে শিক্ষাবান্ধব ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। তার বক্তব্য অনুযায়ী, পঞ্চম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক করা যায়নি। সরকারের হিসাব অনুযায়ী, দেশে এখনো ৩ কোটি ২০ লাখ শিশু নিরক্ষর।

তিনি বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের বিষয় পড়ানো নয়; শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার প্রেরণা তৈরি করাও তার কাজ। অথচ অনেক শিক্ষক শিক্ষার্থীদের অপমান করেন, অন্যের সঙ্গে তুলনা করেন এবং তাদের আত্মবিশ্বাস নষ্ট করেন।

বর্তমান সময়ের শিশুরা আগের প্রজন্মের শিশুদের তুলনায় অনেক ক্ষেত্রে ভিন্ন। তাই তাদের মানসিকতা ও প্রয়োজন বুঝে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান—উভয় জায়গাতেই যথাযথ গুরুত্ব দিতে হবে। শিক্ষকতা পেশায় দক্ষতার পাশাপাশি মানসিকভাবে প্রস্তুত ব্যক্তিদের নিয়োগ এবং শিক্ষকদের আচরণ নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।

অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান আরও বলেন, কেবল আধুনিক ভবন কিংবা স্মার্ট ক্লাসরুম নির্মাণ করলেই শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে না। এর জন্য প্রয়োজন দক্ষ, দায়িত্বশীল ও মানবিক শিক্ষক। পাশাপাশি একটি সুস্পষ্ট শিক্ষা দর্শন প্রণয়ন এবং সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরি।

বিশ্ব শিশু দিবসে সংশ্লিষ্টদের প্রত্যাশা, ফলাফলের অসুস্থ প্রতিযোগিতা ও অতিরিক্ত কঠোরতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিশুদের অধিকার, মানসিক সুস্থতা এবং সামগ্রিক বিকাশকে অগ্রাধিকার দেবে। কারণ, শাস্তি দিয়ে নয়, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

Advertisements