২১ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

বয়সে মাত্র চার বছরের বড়, তবু রণবীরের ‘সৎমা’ হতে দ্বিধা করেননি লারা দত্ত

LARA__1795168840199_CYgG_1795168840376_sqE1_516871d3-8f45-4df0-aea8-363c5669e551_3OOc

বলিউড অভিনেতা রণবীর কাপুরের চেয়ে বয়সে মাত্র চার বছরের বড় অভিনেত্রী লারা দত্ত। অথচ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামের সৎমা কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বয়সের এই সামান্য ব্যবধান নিয়ে কোনো অস্বস্তি বা দ্বিধা কাজ করেনি বলে জানিয়েছেন অভিনেত্রী। বরং চরিত্রের গুরুত্ব ও গল্পের প্রয়োজনকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

৪৮ বছর বয়সী লারা দত্ত সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে সাক্ষাৎকারের বিষয়গুলো তুলে ধরা হয়।

সংগৃহীত

‘রামায়ণ’ সিনেমায় কৈকেয়ীর মতো গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে লারা বলেন, সময়ের সঙ্গে অভিনয়জগতের চিন্তাভাবনায় অনেক পরিবর্তন এসেছে। এখন আর আগের মতো বয়স বা প্রচলিত ধারণার সীমাবদ্ধতায় আটকে থাকতে চান না অভিনেতারা। তার মতে, একজন শিল্পীর প্রধান কাজ হলো পর্দায় চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা। তাই নিজের চেয়ে মাত্র চার বছরের ছোট রণবীর কাপুরের সৎমায়ের চরিত্রে অভিনয় করতে তার কোনো আপত্তি ছিল না।

কৈকেয়ী চরিত্রটি পর্দায় যথাযথভাবে তুলে ধরতে বেশ প্রস্তুতিও নিয়েছেন লারা। এ জন্য পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। শুধু সিনেমার চিত্রনাট্যে থাকা ঘটনাগুলোই নয়, গল্পে সরাসরি দেখানো হয়নি এমন বিষয় নিয়েও তারা কথা বলেছেন। কৈকেয়ীর ব্যক্তিগত জীবন, তার পরিচয়, পারিবারিক শিকড় এবং চরিত্রের পেছনের ঘটনাগুলো বোঝার চেষ্টা করেছেন দুজন।

বিশেষ করে রাজা দশরথ কেন কৈকেয়ীকে দুটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতির পেছনের প্রেক্ষাপট কী ছিল, তা নিয়ে আলোচনা করেছেন তারা। লারার মতে, একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে হলে তার অতীত, চিন্তাভাবনা ও সিদ্ধান্তের কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। সেই ভাবনা থেকেই কৈকেয়ীর চরিত্রের পূর্ণাঙ্গ পটভূমি তৈরিতে মনোযোগ দিয়েছেন তিনি।

অভিনেত্রীর মতে, কৈকেয়ীর মতো শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ একজন শিল্পীর ক্যারিয়ারে খুব বেশি আসে না। তাই এমন সুযোগ পেলে তা কাজে লাগানো উচিত। চরিত্রটি নেতিবাচক না ইতিবাচক, কিংবা বয়সের সঙ্গে তা কতটা মানানসই—এসবের চেয়ে চরিত্রের গভীরতা ও অভিনয়ের সুযোগ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

Advertisements

এর আগেও বাস্তব জীবনের পরিচিত ও ঐতিহাসিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত। অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এ ধরনের পরিচিত ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করাকে একজন শিল্পীর জন্য বিশেষ অভিজ্ঞতা ও বড় সুযোগ বলে মনে করেন তিনি।

নিতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’ সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। সিনেমাটির প্রথম পর্ব গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Advertisements