মেট্রোরেলে গান গেয়ে ভাইরাল দুই শিশু, বাবার বিরুদ্ধে উঠল প্রতারণা ও ভিক্ষাবৃত্তির অভিযোগ

রাজধানীর মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া দুই শিশুর বাবার পরিচয় প্রকাশ্যে এসেছে। ফিরোজ খান রনি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে সহায়তা হিসেবে পাওয়া অটোরিকশা বিক্রি করে দেওয়া, একাধিক বিয়ে এবং সন্তানদের ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাওয়া শিশু দুটির নাম মরিয়ম আক্তার ও নূর। তাদের বয়স আনুমানিক পাঁচ বছর। তাদের বাবা ফিরোজ খানের বাড়ি ঝালকাঠিতে। ঢাকায় আসার আগে তিনি বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বরিশালের স্থানীয় সাংবাদিক সাব্বির খানের মাধ্যমে ফিরোজের আর্থিক দুরবস্থার গল্প প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সময় তার স্ত্রী মারা যাওয়ার পর দুই শিশুকে বাসায় রেখে ভিক্ষা করার বিষয়টি সামনে আসে। বিষয়টি জানার পর তৎকালীন তথ্যমন্ত্রী এবং ফরিদপুরের এক ব্যবসায়ী তাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন, যাতে তিনি উপার্জন করে সন্তানদের দেখাশোনা করতে পারেন।
তবে সহায়তা হিসেবে পাওয়া সেই অটোরিকশা নিয়ে পরবর্তী সময়ে নানা অভিযোগ সামনে এসেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিক সাব্বির খান গণমাধ্যমকে জানান, দুটি অটোরিকশার একটি ফিরোজ নিজে চালাতেন এবং অন্যটি ভাড়ায় দিয়েছিলেন। পরে জানা যায়, প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে তিনি কারাভোগ করেছিলেন এবং জামিনে মুক্ত ছিলেন। এরপর বরিশালের লঞ্চঘাট এলাকায় দ্বিতীয় বিয়ে করেন তিনি। তবে সেই সংসারও বেশিদিন টেকেনি।
সাব্বির খানের দাবি, দ্বিতীয় স্ত্রীকে মারধরের পর ফিরোজ সহায়তা হিসেবে পাওয়া অটোরিকশা দুটি বিক্রি করে দেন। এরপর দুই সন্তানকে নিয়ে ঢাকায় চলে আসেন। তার অভিযোগ, মানুষের সহানুভূতি আদায় করে শিশুদের দিয়ে অর্থ সংগ্রহ করাই ফিরোজের অভ্যাস।
শিশু দুটির ভবিষ্যৎ নিয়েও আগে উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাব্বির খান। তার ভাষ্য, ২০২৩ সালে সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় তাদের একটি ডে কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়। ফিরোজ নিজেও ভালো গান করেন। একসময় রিকশাচালকদের নিয়ে আয়োজিত একটি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। তার দুই সন্তানের কণ্ঠও বেশ ভালো।
এদিকে বরিশালের সাধুর বটতলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, ২০২৩ সালে শিশু দুটির দুর্দশার গল্প প্রথমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চিত্রনায়িকা পরীমনি তাদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সে সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে আস্থা না পাওয়ায় ফিরোজ খানকে সেই উদ্যোগ থেকে বিরত করেন।
মেট্রোরেলে শিশু দুটির গান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের পারিবারিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বাবার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে ফিরোজ খান রনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাই অভিযোগগুলোর বিষয়ে তার পক্ষের বক্তব্য এখনো জানা যায়নি।



